ইটিভির মামলা ডিবিকে তদন্তের নির্দেশ
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২১:৪৭
বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির সংবাদ কর্মীদের কর্তব্য পালনে বাধা ও আটক করে মারধর করার ঘটনায় মিটফোর্ড হাসপাতালের পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আসামিরা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান, ইন্টার্নি চিকিত্সক শাহীন, শাওন, সোয়েব ও নাঈম। সোমবার একুশে টিভির পরিচালক ডা. মো. জাহিদুল ইসলাম ঢাকার সিএমএম আদালতে এ মামলাটি করেন। মামলায় ১১ জনকে সাক্ষী করা হয়েছে।
ঢাকা মহানগর হাকিম কেশব রায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন। একই সঙ্গে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার পদমর্যাদার যেকোনো একজন কর্মকর্তা অভিযোগটি তদন্ত করে আগামী ১১ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার আরজিতে বলা হয়, মাসুম নামে পুরান ঢাকার একজন যক্ষ্মা রোগী গত দুই সপ্তাহ ধরে মিটফোর্ড হাসপাতালে চিকিত্সাসেবা পাচ্ছেন না। হাসপাতালের রোগীদের নানাভাবে দুর্ভোগের শিকার হতে হচ্ছে- এমন অভিযোগের পর গত ১৯ এপ্রিল সকাল সাড়ে ১১টায় একুশে টিভির স্টাফ রিপোর্টার মো. ইলিয়াস হোসেন ও ক্যামেরাম্যান মনিরুল ইসলাম সংবাদ সংগ্রহ করতে যান। এতে বাধা দিলে আসামিদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে অজ্ঞাত পরিচয় ১০/১২ জন মিলে ক্যামেরা ভাংচুর ও সংবাদকর্মীদের মারধর করে আটক রাখা হয়।
ওই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসানের উস্কানি ও মদদে ইন্টার্নি চিকিত্সকরা ওই ঘটনা ঘটান বলে মামলায় বাদীর পক্ষ থেকে অভিযোগ করা হয়।