ডুমুরিয়ায় গোঁখরা সাপের কামড়ে শিশুর মৃত্যু

বিষধর গোঁখরা সাপের কামড়ে প্রাণ গেল দিপ্র পালিত (৪) নামের এক শিশুর। উপজেলার খর্নিয়া গ্রামের বিপ্লব পালিতের একমাত্র শিশুপুত্রের অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, বিপ্লব পালিত যশোর জেলার নোয়াপাড়া এলাকায় একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক। রমজানের ছুটিতে তিনি তার সন্তান দিপ্র পালিত ও স্ত্রীকে নিয়ে বাড়িতে বেড়াতে এসেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচণ্ড গরমে বাড়ির উঠানে পরিবারের সকলে খোলা জায়গায় বসে ছিলেন। শিশুটি এ সময় চারিদিকে ছোটাছুটি করে খেলা করে বেড়াচ্ছিল। হঠাৎ বসত ঘরের বারান্দায় সিঁড়ির পাশে গিয়ে চিৎকার করে মাটিতে ঢলে পড়ে। 

আরও পড়ুন: ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে আরও সৈন্য পাঠানোর ঘোষণা ট্রাম্পের

এ সময় সিঁড়ির ভাঙা অংশ থেকে একটি গোঁখরা সাপের বাচ্চা বেরিয়ে আসে। দ্রুত তাকে মেরে ফেলা হয়। দিপ্রের কান্না ঠেকাতে না পেরে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই শিশুটি মারা যায়।

ইত্তেফাক/নূহু