দুই পরাশক্তির হোঁচট
প্রকাশ : ০২ জুন ২০১৪, ২১:৩৯
জার্মানি এবং ফ্রান্সের বিশ্বকাপ প্রস্তুতি রবিবার রাতে বড় একটা ধাক্কাই খেলো। জয়ের সম্ভাবনা জাগিয়েও ক্যামেরুন এবং প্যারাগুয়ের বিরুদ্ধে ড্র করতে বাধ্য হয়েছে তারা।
প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে যে এমন চমক অপেক্ষা করছে সেটা হয়তো ভাবতে পেরেছিল খুব কম লোকই। ম্যাচের ৬২ মিনিটে ক্যামেরুনকে এগিয়ে নেয়া গোলের পর আবারও চেলসি কোচ হোসে মরিনহোকে খোঁচা দিয়ে গোল উদযাপনের সেই নতুন ভঙ্গিতে দেখা দিয়েছেন ক্যামেরুন অধিনায়ক। কর্ণার পতাকার কাছে গিয়ে বৃদ্ধের ভঙ্গিমায় পতাকার লাঠিতে ভর দিয়ে হাঁটার অঙ্গভঙ্গি করে ইতো যেন বুঝাতে চাইলেন, দেখ এই বুড়ো এখনও গোল করার ক্ষমতা রাখে। ইতোর এই গোলের পরপরই অবশ্য সমতায় ফেরে জার্মানি। গত বিশ্বকাপের গোল্ডেন বুট জেতা টমাস মুলার সমতা আনেন ম্যাচে। এর মিনিট পাঁচেক বাদেই গতবারের সেমি-ফাইনালিস্টদের এগিয়ে দেন ইতোর চেলসি সতীর্থ আন্দ্রে স্কুরেল। তবে বেশিক্ষণ এগিয়ে থাকা হয়নি ইউরোপিয়ান পাওয়ার হাউজদের। ৭৮ মিনিটে দুর্দান্ত এক গোলে আফ্রিকান সিংহদের সমতায় ফেরান এরিক ম্যাক্সিম চুপো-মোটিং।
এদিকে, ফ্রান্সের নিসে রাতের অন্য ম্যাচে স্বাগতিকরা মুখোমুখি হয় লাতিন শক্তি প্যারাগুয়ের। অ্যান্তোনি গ্রিজম্যানের ৮২ মিনিটের গোলে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল বিশ্বকাপের ’৯৮ আসরের শিরোপাজয়ীরা। তবে জাতীয় দলের জার্সি গায়ে রিয়াল সোসিয়েদাদ স্ট্রাইকারের প্রথম গোলটি অবশ্য শেষ পর্যন্ত কোন কাজে আসেনি। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে প্যারাগুয়ে অধিনায়ক ভিক্টর ক্যাসেরাসের গোলে ড্র করতে বাধ্য হয় ফ্রান্স।- গোল ডট কম অবলম্বনে।