কাতারের পক্ষেই এএফসি সভাপতির মত
প্রকাশ : ০২ জুন ২০১৪, ২১:৪২
২০২২ বিশ্বকাপের আয়োজনের লড়াইয়ে কাতার সমর্থন আদায়ের জন্য ৫০ লাখ ডলার খরচ করেছে বলে যে অভিযোগ এসেছে সে বিষয়টি কাতারই পরিষ্কার করবেন বলে মনে করেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান শেখ সালমান ইব্রাহিম আল খালিফা।
এক বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, ‘এএফসি সভাপতি আশা করেন কাতার ২০২২-এর শীর্ষ কমিটি তাদের সত্যিকারের তথ্য প্রকাশের মাধ্যমে নতুন করে সৃষ্ট সন্দেহের অবসান ঘটাবে। তিনি কাতারে একটি সফল বিশ্বকাপ সম্পাদনের দিকে তাকিয়ে আছেন।’ বিজ্ঞপ্তির মাধ্যমে বাহরাইনের এই বাসিন্দা বলেন, ‘এশিয়ায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ফিফা বিশ্বকাপের আয়োজন মানে পুরো অঞ্চলটির জন্য বিশাল একটি প্রাপ্তি।’ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে কাতার ৫০ লাখ মার্কিন ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছে বলে বৃটেনের প্রভাবশালী পত্রিকা সানডে টাইমস যে অভিযোগ করেছে তা অবশ্য তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে কাতারের আয়োজকরা।