ইতালিকে ফাইনালে দেখছেন মরিনহো
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ২২:০৭
ইনজুরির কারণে বিশ্বকাপের জন্য তেমন শক্তিশালী দল সাজাতে পারেননি ইতালি। সর্বশেষ কপাল পোড়ে নির্ভরযোগ্য মিডফিল্ডার রিকার্ডো মন্টোলিভো। এরপরও চারবারের চ্যাম্পিয়ন আজ্জুরিদের ব্রাজিল বিশ্বকাপে এগিয়ে রাখছেন চেলসির পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ‘স্পেশাল ওয়ানের’ দৃষ্টিতে এবারের বিশ্বকাপে ইতালি কম করে হলেও ফাইনাল খেলবে, এমনকি চ্যাম্পিয়নও হতে পারে!
মরিনহো এবারের বিশ্বকাপে জনপ্রিয় ওয়েবসাইট ইয়াহুর ক্রীড়া ভাষ্যকার হিসেবে ভবিষ্যদ্বাণী করতে শুরু করেছেন দলগুলোকে নিয়ে। এর মধ্যে কোন ১৬টি দল দ্বিতীয় রাউন্ডে উঠবে সে সম্পর্কে মত দিয়েছেন। ভবিষ্যদ্বাণী করলেন ‘ডি’ গ্রুপের দল ইতালির ফাইনালে ওঠা নিয়ে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কোচ সিজার প্রানদেল্লির দল লড়বে শক্তিশালী ইংল্যান্ডের সঙ্গে। মানাসে অনুষ্ঠেয় ওই ম্যাচে আজ্জুরিদেরই এগিয়ে রাখছেন ইন্টার মিলানের সাবেক কোচ মরিনহো। বিশ্বকাপে ইতালির সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘তারা হয় বিশ্বকাপ জিতবে, নয় ফাইনালে পৌঁছাবে। তারা এই পথ পাড়ি দিতে পারবে। এটা সত্যি যে, ইতালি অনেক কঠিন একটি গ্রুপে পড়েছে। কিন্তু ইতালি ইতালিই।’
ইতালি গ্রুপ পর্বে ইংল্যান্ড ছাড়াও উরুগুয়ে এবং কোস্টারিকার সঙ্গে লড়বে। এ পর্ব উতরাতে পারলে শেষ ষোলতে তারা সামনে পাবে কলম্বিয়া, গ্রীস, আইভরি কোস্ট অথবা জাপানকে। কোয়ার্টার ফাইনালে তাদের বাঁধা হয়ে দাঁড়াতে পারে স্বাগতিক ব্রাজিল কিংবা বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ইটালি দলের প্রশংসা করে মরিনহো বলেন, ‘প্রানদেল্লি কিছু মেধাবী খেলোয়াড় পেয়েছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে এসব খেলোয়াড় কাজে আসবে।’
ইতালির জন্য গ্রুপ পর্বটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মরিনহো। এ ব্যাপারে তিনি বলেন, ‘গ্রুপ পর্ব উতরাতে পারলে শেষ ষোল থেকে তাদের প্রস্তুতি পার্থক্য গড়ে দিবে। পেছনে তাদের ঐতিহ্য রয়েছে। নিজেদের ওপর বিশ্বাস রয়েছে তাদের। হ্যাঁ, আমি মনে করি ইতালি সত্যিই ভাল করবে।’
এদিকে, ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে শেষ ষোলয় কোন কোন দল উঠবে সে সম্পর্কেও ভবিষ্যদ্বাণী করেছেন ইয়াহুর এই বিশ্বদূত। এ পর্তুগিজ কোচের সঙ্গে সুর মিলিয়েছেন ইয়াহুর আরেক ভাষ্যকার মেলেনিয়ে কলিন্সও। গ্রুপ পর্বে মরিনহো সে সব দলগুলোকে ফেভারিট বলছেন, সেসব দলকে ভক্তরাও সেভাবেই দেখছেন।
স্বাগতিক ব্রাজিলকে নিয়ে গড়া ‘এ’ গ্রুপ নিয়ে কোনো মন্তব্য করেননি মরিনহো। তার দৃষ্টিতে ‘বি’ গ্রুপের রানার্স-আপ দল নেদারল্যান্ডস। এই গ্রুপে তিনি চ্যাম্পিয়ন দেখছেন শিরোপাধারী স্পেনকে। নব্বইয়ের দশকে বার্সেলোনাতে একসঙ্গে কাজ করার সুবাদে নেদারল্যান্ডসের কোচ লুই ফন গালের সঙ্গে মরিনহোর সখ্যতা বেশ ভাল। আগামী মৌসুমে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে যাওয়া কোচটি সম্পর্কে মরিনহোর মত, ‘এ ব্যাপারে আমার মধ্যে অনেক আবেগ কাজ করছে। যেখানেই যাই, আমি সব সময় বন্ধুদের সঙ্গেই থাকি’—বলেন মরিনহো।
তার মতে ‘সি’ গ্রুপের দলগুলোর মধ্যে গ্রীস এগিয়ে। জাপান ও কলম্বিয়াকে টপকে দিদিয়ের দ্রগবার আইভরি কোস্টকে শেষ ষোলতে দেখছেন মরিনহো। তবে ‘মৃত্যুকূপ’ ‘ডি’তে ইংল্যান্ড থাকায় স্পষ্ট কোনো মন্তব্য করেননি তিনি। কৌতুক করে শুধু বলেন, ‘আমি যদি বলি ইংল্যান্ড বাদ পড়বে, তাহলে হয়তো আসছে মৌসুমে তারা আমাকে ওখানে (চেলসিতে) কোচিং করতে দেবে না।’
পর্তুগিজ কোচটি ‘ই’ গ্রুপ সম্পর্কে বলেন, ‘ফ্রান্সের সামনে আরও একটি পতন অপেক্ষা করছে বলে আমার মনে হয় না। তারা গ্রুপ চ্যাম্পিয়নের পছন্দেই থাকছে। ইকুয়েডরকে বিদায় করে সুইজারল্যান্ড দ্বিতীয় স্থানে থাকতে পারে।’ আবার ‘এফ’ গ্রুপে আর্জেন্টিনার পর পরই নাইজেরিয়াকে রাখছেন মরিনহো।
চেলসি কোচ গ্রুপ ‘জি’ সম্পর্কে জানান, কোনো দলই শূন্য পয়েন্ট পেয়ে বিদায় নেবে না। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হবে জার্মানি। আর পর্তুগাল গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলয় খেলবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পর্তুগালের ম্যাচটি নিয়ে রীতিমত ভীত তিনি। সর্বশেষ ‘এইচ’ গ্রুপ নিয়ে তার ভবিষ্যদ্বাণী বেলজিয়াম ও রাশিয়া শেষ ষোলয়। তারুণ্য নির্ভর বেলজিয়ামকে টপকে রাশিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চমক দেখাতে পারে বলেও মনে করেন তিনি।-ইয়াহু স্পোর্টস