ফ্যালকাওকে দেখবে না বিশ্বকাপ

সুস্থ থাকলে, কলোম্বিয়ার তো বটেই এবারের বিশ্বকাপেও হয়তো সেরা খেলোয়াড় হয়ে যেতে পারতেন রাদামেল ফ্যালকাও। কিন্তু গত জানুয়ারিতে হাঁটুর ইনজুরির ধকল কাটিয়ে উঠতে না পারায় এবারের বিশ্বকাপ খেলা অধরাই থেকে গেল ফরাসি লিগের দলের মোনাকোর এই স্ট্রাইকারের। তাকে ছাড়াই কলোম্বিয়ার কোচ হোসে পেকারম্যান সোমবার সন্ধ্যায় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে। এর আগে গত ১৩ মে ২৮ বছর বয়সী ফ্যালকাওয়ে রেখেই ২৩ সদস্যের দল ঘোষণা করেছিল কলোম্বিয়া। তবে, গত সোমবার জানা যায়, ম্যাচ খেলার জন্য এখনও সম্পূর্ণভাবে ফিট হয়ে উঠতে পারেননি ফ্যালকাও। ফলে তাকে ছাড়াই আগামী ১৪ জুন গ্রীসের বিপক্ষে গ্রুপ ‘সি’-এর ম্যাচ দিয়ে বিশ্বকাপের লড়াই শুরু করবে কলোম্বিয়া। গ্রুপে কলোম্বিয়ার বাকি দুই প্রতিপক্ষ হল আইভোরি কোস্ট ও জাপান। দল ঘোষণার পর ফ্যালকাও মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত হলেও দলের প্রতি জানিয়েছেন শুভ কামনা। কলোম্বিয়ান পত্রিকা এল পাইসকে বলেন, ‘আসলে আমার ভাবনাতে কেবল বিশ্বকাপই ছিল। তবে, যা হয়ে গেছে সেটা নিয়ে আমার কিছু করার নেই। দলের প্রতি আমার শুভ কামনা রইলো। আশা করি, বিশ্বকাপটা তাদের জন্য ভাল কাটবে।’