কোম্পানির চাপ উপভোগ
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ২২:১০
এক যুগ বিশ্বকাপে দেখা যায়নি ইউরোপিয়ান দলটিকে। কিন্তু এবার যখন বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে বেলজিয়ামকে তখন বলা হচ্ছে, ব্রাজিলে চমকে দিতে পারে ভিনসেন্ট কোম্পানির দল। থিওবট কোর্তে, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, আদনান জানুযাজরা তাই ব্রাজিলে আসছেন আকাশচুম্বি চাপ নিয়ে।
অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিও বিশ্বকাপকে চাপ হিসেবে দেখছেন। তবে, চাপটা উপভোগই করছেন ম্যানচেস্টার সিটির হয়ে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করা এই অধিনায়ক। ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘দেশে এখন আমাদের নিয়ে খুব মাতামাতি চলছে। সবার ভাবনা এখন জাতীয় দলকে নিয়ে। জানি এটা আমাদের জন্য বড় একটা চাপ। তবে ব্যাপারটা আমরা উপভোগ করছি।’
গ্রুপ ‘এইচ’ — এ বেলজিয়ামের প্রতিপক্ষরা হল- আলজেরিয়া, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া। সিটি ডিফেন্ডারের মতে, বিশ্বকাপ জয়ের সবরকম যোগ্যতাই আছে বেলজিয়ামের। তবে, নিজেদের কোন ভাবেই ফেবারিট মানছেন না তিনি। ফেবারিটের তালিকায় আছে ব্রাজিল, জার্মানি, স্পেন ও আর্জেন্টিনা, ‘আমি কোন ভাবেই বেলজিয়ামকে ফেবারিট বলতে পছন্দ করি না। ফেবারিট হল ব্রাজিল, জার্মানি, স্পেন ও আর্জেন্টিনা। আমাদের মত দল বিশ্বকাপে কেবল ভাল খেলার আশা করতে পারে।’