চট্টগ্রামের কল্লোল সংঘ উঠলো তৃতীয় বিভাগে

পাইওনিয়ার ফুটবল লিগের দুই ফাইনালিস্ট নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব এবং আরাফ স্পোর্টিং ক্লাব তৃতীয় বিভাগ ফুটবলে খেলার ছাড়পত্র আগেই নিশ্চিত ছিল। গতকাল শেষ দল হিসাবে তৃতীয় বিভাগে উঠেছে চট্টগ্রামের কল্লোল সংঘ। গতকাল বিকালে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কল্লোল সংঘ ৩-২ গোলে টাইঙ্গাইল ফুটবল একাডেমিকে হারিয়ে তৃতীয় বিভাগে উঠার ছাড়পত্র চূড়ান্ত করলো। বিজয়ী দলের আরিফ ২, সোহেল রানা ১ এবং বিজিত দলের রবিন ও আসলাম গোল করেন। চ্যাম্পিয়ন নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের ওয়াহেদুজ্জামান হূদয় ফাইনালের সেরা খেলোয়াড় এবং আক্কু ফুটবল একাডমির আরিফুর রহমান লিগের সেরা খেলোয়াড় হয়েছেন। শেষ হয়ে গেলো পাইওনিয়ার ফুটবলের দীর্ঘপথ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অর্থায়নে এবং ওয়ালটনের সহযোগিতায় ১৩ গ্রুপে ৬৫ দল এবার লিগে লড়াই করেছে। পাইওনিয়র ফুটবল হচ্ছে খেলোয়াড় তৈরির সূতিকাগার। ফুটবলের এই মঞ্চ থেকে উঠে এসেছেন অগণিত ফুটবলার। যাদের অনেকেই জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। কিন্তু এই পাইওনিয়র ফুটবল লিগ নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা না থাকায় এটি বার বারই মুখ থুবড়ে পড়ছে। তবে আশার কথা হচ্ছে এবার পাইওনিয়র ফুটবল নিয়ে পুনরায় প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে। যার জন্য ১৯৭ জন ফুটবলার বাছাই করে একটা তালিকা প্রস্তুত করা হয়েছে। পাইওনিয়র লিগ কমিটির এটি শুভ উদ্যোগই বটে। একই সাথে লিগ কমিটির নীতি নির্ধারকরা পাইওনিয়ার সুপার লিগের ২০ দল নিয়ে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। ভালো খেলোয়াড় খুঁজে বের করার জন্য এটি ভালো একটি উদ্যোগ বলে স্পন্সরও অনেকটা নিশ্চিত হয়ে গেছে। ওয়ালটন প্রতিষ্ঠান অর্থায়ন করবে বলে বাফুফে থেকে জানা গেছে।