চেলসিকে বিদায় জানালেন ল্যাম্পার্ড
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ২২:১৪
অবশেষে স্ট্যামফোর্ড ব্রীজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন চেলসি কিংবদন্তী ফ্র্যাংক ল্যাম্পার্ড। চলতি মাসের শেষেই লন্ডনের ক্লাবটির সাথে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর তারপরই ব্লুজদের ছেড়ে যাবার ঘোষণা দিয়েছেন এই মিডফিল্ডার। যদিও চেলসির পক্ষ থেকে তাকে চুক্তি নবায়নের নতুন প্রস্তাব দেয়া হয়েছিল বলে সূত্রমতে জানা গেছে; কিন্তু চেলসির সাথে ১৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারকে বিদায় জানানোরই সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অন্যতম সফল এই ফুটবলার। এদিকে সোমবার বেশ কয়েকটি রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছিল মেজর লীগ সকারের নতুন দল নিউ ইয়র্ক সিটির সাথে ল্যাম্পার্ডের আলোচনা চলছে এবং আগামী বছরের মার্চে তিনি দলটিতে যোগ দিবেন। তবে প্রমিয়ার লীগে নতুন উন্নীত কিউপিআরসহ অন্তত ১০টি ক্লাব এই তারকাকে দলে নিতে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে বলেও জানিয়েছে ইংলিশ গণমাধ্যম। চেলসির হয়ে ১৩ বছরের ক্যারিয়ারে ৬৪৯টি ম্যাচে ল্যাম্পার্ড ২১১টি গোল করেছেন যা ক্লাবের ইতিহাসে সর্বকালের সেরা রেকর্ড।