শিশুর আঁকিবুকির কারণে

নেহাত বদরাগী কোনো বাবা না হলে শিশু সন্তানের নির্দোষ আঁকাআঁকিতে কারোই আপত্তি থাকার কথা নয়। তবে কখনো কখনো শিশুদের নর্দোষ এই বিনোদনও যে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে সেটা বেশ হাড়ে হাড়েই টের পেয়েছেন চেন নামের এক চীনা ভদ্রলোক। ব্যবসায়িক একটি কাজে সপরিবারে দক্ষিণ কোরিয়া যাওয়ার পর চেন এর পাসপোর্টের গুরুত্বপূর্ণ অংশে অসংখ্য আঁকিবুকি করে তার চার বছর বয়সী সন্তান। আর পাসপোর্টের ভিসা সংক্রান্ত পাতাটিতে সন্তানের এই সৃষ্টিশীল শিল্প চর্চার কারণেই এখন চেনকে আটকা পড়তে হয়েছে দক্ষিণ কোরিয়ায়। ইতোমধ্যে পরিবারের আর সবাই দেশে ফিরতে পারলেও চেন তার এই ক্ষতিগ্রস্থ পাসপোর্ট নিয়ে বিমান ভ্রমণের অনুমতি পাননি। বিষয়টি জানিয়ে তিনি ইতোমধ্যে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট উইবু’তে বন্ধুদের সাহায্যও চেয়েছেন। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত কেউই এ বিষয়ে গ্রহণযোগ্য কোনো সিদ্ধান্ত দিতে পারেননি চেনকে। এদিকে সামাজিক যোগাযোগের সাইটের সুবাদে ছড়িয়ে পড়া পাসপোর্টটির ছবিতে দেখা যায় চেনের চার বছর বয়সী সন্তান ভিসা সংক্রান্ত সম্পূর্ণ পাতাটিকেই তার ক্যানভাস হিসেবে কাজে লাগিয়েছে। একটি কলম দিয়ে সে যে শুধু তার বাবার চোখ আর কানকেই আগের চাইতে বড় করে এঁকেছে তাই নয়, বরং বাবার চুল ও দাড়ি আরও বড় করে দেওয়া এবং সেই সাথে পুরো পৃষ্ঠা জুড়ে কিছু পশুপাখি, ফুল আর মানুষ আঁকার কাজও করেছে যত্নের সাথে। শিশুটির এই শিল্প প্রতিভা ভবিষ্যতে কারও চোখে পড়বে কি না বলা মুশকিল, তবে বাড়িতে ফিরতে পারলে চেন যে তার সন্তানকে এজন্য প্রশংসা করবেন না সেটা বলাই বাহুল্য।