ফিলিস্তিন ঐক্য সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন নতুন ফিলিস্তিন ঐক্য সরকারের সঙ্গে কাজ করা এবং এ সরকারকে তহবিল সহায়তা করার পরিকল্পনা প্রকাশ করেছে। ইসরাইল তাত্ক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতাও এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সমপ্রীতির দৃষ্টান্ত স্থাপন করে সোমবার শপথ নিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হামাসের জাতীয় ঐক্যর নতুন সরকার। ২০০৬ সালে নির্বাচনে জয়লাভ করার পর থেকে দল দু’টি আলাদা আলাদাভাবে শাসন পরিচালনা করে এসেছে। গাজার শাসন পরিচালনা করেছে হামাস এবং পশ্চিম তীরের শাসন ক্ষমতায় থেকেছে আব্বাসের ফাতাহ দল। হামাস ইসরাইলকে ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় এই দলটির নেতৃত্বাধীন ফিলিস্তিন সরকারের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইল। ওদিকে, যুক্তরাষ্ট্র হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসাবেই দেখে এবং ফিলিস্তিন কর্তৃপক্ষকে তহবিল সহায়তার ওপর মার্কিন কংগ্রেসের বাধা-নিষেধও আছে। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন আইনপ্রণেতারা বলছেন, ইসরাইলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে হামাসের প্রতিশ্রুতিবদ্ধ থাকার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ফিলিস্তিন কর্তৃপক্ষকে অর্থ সহায়তা বন্ধ রাখা উচিত। কিন্তু নতুন ফিলিস্তিন ঐক্য সরকার শপথ নেয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত ফিলিস্তিনি মন্ত্রিসভাকে পর্যবেক্ষণে রেখে তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।