জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের সুযোগ অনলাইনে

দেশে প্রথম বারের মত ভোটাররা তাদের নিজেদের জাতীয় পরিচয় সম্পর্কিত পূর্ণ তথ্য দেখার এবং সেসব তথ্যে কোন ভুল-ভ্রান্তি থাকলে তা অনলাইনে সংশোধনের সুযোগ পেতে যাচ্ছেন। এ বিষয়ে প্রয়োজনীয় প্রযুক্তিও প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৪ জুন বুধবার থেকে আগামী ৭ জুন পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’ প্রযুক্তি সম্মেলনে এর পরীক্ষামূলক প্রদর্শনী হচ্ছে। এ সুযোগ পুরোপুরি চালু হবে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) তৈরির আগেই। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, অনলাইনে জাতীয় রাজস্ব বোর্ডে ট্যাক্স পেইয়ার আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) রেজিস্ট্রেশন করার মত পদ্ধতিই এ ক্ষেত্রে ব্যবহার করা হবে।