রোনালদোর বিশ্বকাপে খেলা নিয়ে শংকা
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২২:৫১
পর্তুগালের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা এখনো কাটেনি। ব্যালন ডি’অর জয়ী এই উইঙ্গার দু’টি ইনজুরিতে ভুগছেন বলে পর্তুগাল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে। ফেডারেশনটি জানিয়েছে, রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার উরুর পেশিতে টান পড়ার পাশাপাশি বাম হাঁটুর পেশীর চোটেও ভুগছেন। তবে তার সতীর্থ ন্যানি এ ব্যাপারে শঙ্কা উড়িয়ে বলেন, ‘আমরা আশা করি যে, রোনালদো বেশ ভাল অবস্থায়ই আছেন। সে খেলতে পারবে এবং দলকে সাহায্য করতে পারবে।
রোনালদো গত দুই সপ্তাহ ধরে মাংশপেশীর চোটে ভুগছেন। ইনজুরির কারণে গ্রীসের বিপক্ষের পর্তুগালের প্রীতি ম্যাচও খেলা হয়নি ২৯ বছর বয়সী এই তারকার। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘রোনালদো বাম পায়ের মাংশপেশীর চোট এখনো কাটিয়ে ওঠেননি। তবে তিনি আলাদাভাবে দৌড়াদৌড়ির মতো অনুশীলন করছেন।’
ন্যানি ইনজুরি প্রসঙ্গে বলেন, ‘আমি বিশ্বাস করি না রোনালদোর চোট নিয়ে আমাদের হতাশ হওয়ার মতো কিছু আছে। সে সেরে ওঠছে এবং ইনজুরি নিয়ে তার উদ্বেগ নেই। সবকিছুই যথাযথভাবেই চলছে।’
পর্তুগাল ১৬ জুন বিশ্বকাপের ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী জার্মানির মুখোমুখি হবে। ম্যাচটিতে যদি রোনালদো নাও খেলতে পারেন তবে সেক্ষেত্রেও বাকিদের নিয়ে জার্মানিকে রুখে দেয়ার শক্তি পর্তুগালের রয়েছে বলে মত দেন ন্যানি। তিনি বলেন,‘যদি কোনো কারণে রোনালদো খেলতে না পারেন, তাহলে যারা খেলবে তারা আত্মবিশ্বাসের সঙ্গেই খেলবে। দলের বাকিরাও ভাল কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী।’
ব্রাজিলে উড়াল দেয়ার আগে মেক্সিকোর বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে পাওলো বেন্তোর দল।