সংবাদ কণিকা
প্রকাশ : ১৯ জুন ২০১৪, ২০:৩৫
বান কি-মুনের উত্তরসূরী হওয়ার ইচ্ছে
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের উত্তরসূরী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। হেলেন ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। হেলেন বর্তমানে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালে জাতিসংঘের মহাসচিব হিসেবে বান কি-মুনের দ্বিতীয় মেয়াদ শেষ হতে যাচ্ছে। বান কি-মুনের উত্তরসূরী হতে চান কিনা দেশটির সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন সকল শীর্ষ পদে নারীদের দায়িত্ব পালনের সময় এসেছে।’ তবে ৬৪ বছর বয়সী হেলেন এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা জানাতে অস্বীকার করেন। — এএফপি
আইএলও’র সতর্কবাণী
বিশ্ব শ্রম সংস্থা আইএলও’র নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, সুষ্ঠু কাজের পরিবেশ এবং ন্যায্য মজুরি কাঠামোর মাধ্যমেই উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। বিশ্বব্যাপী ১৪৫টি দেশের ওপর আইএলও’র করা এক জরিপে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, উন্নয়নশীল দেশগুলোতে ১.৫ বিলিয়ন মানুষ কাজ করেও জীবিকানির্বাহ করতে হিমশিম খাচ্ছে। নিম্ন মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা সমাজ ও অর্থনীতির জন্য কখনই মঙ্গলকর নয়। অন্যদিকে, যে সব দেশে ন্যায়সঙ্গত শ্রম আইন রয়েছে এবং সামাজিক পদ্ধতিতে কর্মীদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষিত, সেসব দেশের সামগ্রিক উন্নয়নেও নিম্ন মজুরির দেশগুলোর তুলনায় একটা ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। —খবর ডয়চে ভেলে