পশ্চিম তীরে ইসরাইলের নিয়ন্ত্রণ জোরদার

ইসরাইল বুধবার পশ্চিম তীরে তার নিয়ন্ত্রণ আরো জোরদার এবং আরো ৬৫ জনকে গ্রেফতার করেছে। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলের তিন কিশোরকে অপহরণের ঘটনায় জড়িতদের তীব্র নিন্দা করেছেন। কিশোর অনুসন্ধান অভিযান ষষ্ঠ দিনে প্রবেশ করলেও পশ্চিম তীরে হামাসের অবকাঠামো গুঁড়িয়ে দিতে ইসরাইলের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এ অপহরণের ঘটনায় হামাসকে দায়ী করা হয়। ইসরাইলি সৈন্যরা পশ্চিম তীরের বিশাল এলাকা অবরুদ্ধ করে বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় এ গ্রেফতার অভিযান চালায়। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব কিশোর অপহরণের ঘটনায় জড়িতদের তীব্র নিন্দা করে বলেন, তারা ফিলিস্তিনের জনগণকে ‘ধ্বংসের’ চেষ্টা করছে। ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে নিরাপত্তা সমন্বয়কে তিনি সমর্থন করায় হামাসের কঠোর নিন্দা জানায়। সৌদি আরবে ওআইসির বৈঠকে আব্বাস বলেন, ‘তিন কিশোরকে অপহরণে জড়িতরা আমাদের ধ্বংস করতে চায়। আমরা তাদেরকে ধরে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো।’ তিনি বলেন, ‘ইসরাইলের সাথে নিরাপত্তা সমন্বয়ের ক্ষেত্রে আমাদের স্বার্থ রয়েছে। কারণ এটি আমাদের রক্ষা করবে।’ তিনি আরো বলেন, ‘আমাদের দেশকে ধ্বংস করতে পারে এমন অস্থিরতা আমরা কখনোই আর তা চাই না।’