জঙ্গি অর্থায়ন রোধে কঠোর পদক্ষেপ নেবে ইইউ

ইউরোপীয় কাউন্সিল মানিলন্ডারিং ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধ প্রক্রিয়া আরো জোরদার করতে নতুন করে বিধি-বিধান আরোপে সম্মত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আনুষ্ঠানিক এক বিবৃতিতে একথা বলা হয়। এই ঐকমত্য মানিলন্ডারিং ও জঙ্গি অর্থায়ন রোধে বিদ্যমান বিধি-বিধান, হাতিয়ার ও কৌশল শক্তিশালী করায় খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে হিতকর স্বত্বের স্বচ্ছতা বৃদ্ধি এবং জুয়া, ই-মানি ও অবরোধ ইত্যাদি ক্ষেত্রে অধিক কঠোর বিধি-বিধান সংযুক্ত হবে। বুধবার ইইউর ইন্টারনাল মার্কেট কমিশনার মিচেল বার্নিয়ার কাউন্সিলে এই সাধারণ ঐকমত্যকে স্বাগত জানিয়ে বলেন, ইউরোপকে অবশ্যই কার্যকর এক কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে যেতে হবে যা অপরাধীদের হাতে আর্থিক ব্যবস্থার অপব্যবহার রোধে অধিকতর দক্ষতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার চালিকাশক্তি হবে।