ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের
বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আল জাজিরা, বিবিসি ও রয়টার্স
প্রকাশ : ২১ জুন ২০১৪, ২০:৪২
ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে দেশটির পূর্বাঞ্চলে চলা সামরিক অভিযানে বৃহস্পতিবার অন্তত তিনশ’ বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ইউক্রেনের রুশপন্থি সাত নেতার স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করাসহ বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে অবরোধ আরোপের ঘোষণা দেয় মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো জোরদার করার ঘোষণা দেয়ার পর এ পদক্ষেপ নেয়া হলো। কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন ট্রেজারি বিভাগ রুশপন্থি সাত বিদ্রোহী নেতাকে কালো তালিকাভুক্ত করেছে। এরা হলেন, দোনেতস্কের স্বঘোষিত মেয়র, গভর্নর এবং কয়েকজন সেনা কমান্ডার। কালো তালিকাভুক্ত এসব নেতার সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা দেয়া হয়েছে এবং কোনো মার্কিন কোম্পানির সঙ্গে তারা লেনদেন করতে পারবেন না বলেও জানানো হয়েছে।
এছাড়া, রাশিয়ার প্রতিরক্ষা, বাণিজ্য এবং উচ্চ প্রযুক্তিসম্পন্ন শিল্প-কারখানাগুলোর বিরুদ্ধে অবরোধ আরোপের পরিকল্পনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। এ বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এবং জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন। উল্লেখ্য, গত মার্চ মাসে ক্রিমিয়া রাশিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার পর মস্কোর বিরুদ্ধে অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এর আওতায় রাশিয়ার বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এদিকে পূর্ব ইউক্রেনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চলা সেনা অভিযানে বৃহস্পতিবার অন্তত তিনশ’ বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এর পাশাপাশি বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে সেনাবাহিনী প্রচুর অস্ত্র উদ্ধার করেছে বলে জানানো হয়েছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট পোরেশেনকোর যুদ্ধবিরতির ঘোষণা ব্যর্থ হওয়ায় দেশটির পূর্বাঞ্চলে শুক্রবারও সামরিক অভিযান অব্যাহত ছিল। পূর্বাঞ্চলে রাশিয়া সীমান্তের একশ’ কিলোমিটার এলাকার মধ্যে ইয়ামপিল ও জাকিটনি এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর তুমুল লড়াই হয়েছে। এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যুদ্ধে এক সপ্তাহের জন্য একতরফা অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট পেট্রো পোরেশেনকো। তবে তা প্রত্যাখ্যান করে বিদ্রোহীরা।