মোদীকে মার্কিন কংগ্রেসের অধিবেশনে দেখতে চান আইন প্রণেতারা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একসময়ে যুক্তরাষ্ট্রে ভিসা প্রদানে অস্বীকৃতি জানানো হয়েছিল। গুজরাটের দাঙ্গা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই মোদীই প্রধানমন্ত্রী হলে তাকে আবার যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। আগামী সেপ্টেম্বরে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সফরকালে মার্কিন আইন প্রণেতারা তার সম্মানে কংগ্রেসের যৌথ অধিবেশনে তাকে সম্মান জানাতে পারেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান এড রয়েস হাউসের স্পিকার জন বোয়েনারকে শুক্রবার এক চিঠিতে বলেন, তিনি মোদীকে ওয়াশিংটন সফরকালে কংগ্রেস এবং হাউসের যৌথ অধিবেশনে আমন্ত্রণ জানাবেন। তিনি বলেন, এটা বলার অপেক্ষা রাখে না একবিংশ শতাব্দীতে এই দু’দেশের মধ্যে সম্পর্ক আমাদের অংশীদারিত্বের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। চিঠিটি উত্তর ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান রিপ্রেজেনটেটিভ জর্জ হোল্ডিংও সই করেন। কংগ্রেসের আইনপ্রণেতারা বলেন, তারা আশা করছেন এ ব্যাপারে মোদীকে একটা আমন্ত্রণপত্র পাঠানো হোক।