সংবাদ কণিকা

পরিবার নিয়ে শঙ্কিত অ্যাসাঞ্জ বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তার পরিবারের নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত। লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেয়া অ্যাসাঞ্জ বলেন, অজ্ঞাত ব্যক্তিরা তার সন্তান ও মাকে হুমকি দিচ্ছে। বিবিসি জানিয়েছে, চার বছর ধরে তিনি (অ্যাসাঞ্জ) তাদের (পরিবার) দেখতে পারছেন না বলে অভিযোগও করেন। সুইডেনের হাতে তুলে দেয়ার বিষয়টি এড়াতে দুই বছর ধরে অ্যাসাঞ্জ ইকুয়েডর দূতাবাসে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে আছেন। — বিবিসি ভ্যাটিকান যাবেন স্পেনের নতুন রাজা স্পেনের নতুন রাজা ষষ্ঠ ফেলিপ ও রানী লেতিজিয়া রাজকীয় মর্যাদায় প্রথম বিদেশ সফরে ভ্যাটিকান যাবেন এবং পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত্ করবেন। নতুন রাজা-রানী সিংহাসনে আরোহণের একদিন পর শুক্রবার সরকারের পক্ষ থেকে এ কথা বলা হয়। ৪৬ বছর বয়সী সাবেক অলিম্পিক ইয়াটম্যান ষষ্ঠ ফেলিপ ও ৪১ বছর বয়সী লোতিজিয়াকে বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজা ও রানী ঘোষণা করা হয়। — এএফপি নেপালে ভূমিধসে মৃত্যু ১২ নেপালে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে একই পরিবারের ৯ সদস্যসহ অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। পশ্চিমাঞ্চলীয় গুলমি এলাকার বাসিন্দারা জানান, পাহাড়ের কিছু অংশ একটি বাড়ির ওপর ধসে পড়ে চার শিশুসহ একই পরিবারে নয় সদস্য প্রাণ হারায়। — এএফপি মালয়েশিয়ার নৌকা ডুবিতে মৃত্যু ১৫ রমজান মাস উপলক্ষে বাড়ি ফেরার পথে মালয়েশীয় উপকূলে অবৈধ ইন্দোনেশীয় শ্রমিকদের দুটি নৌকা ডুবির ঘটনায় শুক্রবার আরো একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এছাড়াও এই ঘটনায় আরো ২৭ জন নিখোঁজ রয়েছে। — এএফপি সামরিক যৌনপল্লীকে ঐতিহাসিক স্থান ঘোষণা চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাপানের একটি সামরিক যৌন-পল্লীকে বৃহস্পতিবার সংরক্ষিত ঐতিহাসিক স্থান ঘোষণা করেছে। চীনের পূর্বাঞ্চলীয় নানজিং নগরীতে সাতটি ভবনের এই কমপ্লেক্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুই শতাধিক নারীকে জোরপূর্বক জাপানি সৈন্যদের মনোরঞ্জনে বাধ্য করা হতো। — এএফপি