সারাদেশে ১০ লাখ চাকরি দেয়ার প্রতিশ্রুতি মোদীর
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২০:৩৬
আগামী ২০২২ সালের মধ্যে একটি মাত্র প্রকল্প থেকে সারা দেশে তৈরি হবে ১০ লক্ষ কর্মসংস্থান। এমনটাই প্রতিশ্রুতি দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব উদ্যমে শুরু হওয়া প্রকল্প ‘গুজরাত ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটি’ বা সংক্ষেপে গিস্ট।
গুজরাট সরকারের হাতে নেয়া এই প্রকল্পের এমডি ও গ্রুপ সিইও রমাকান্ত ঝা দাবি করেন, সারা দেশে ১০ লক্ষ কাজ ‘উপহার’ দেয়ার সম্ভাবনা এই প্রকল্পের রয়েছে। নরেন্দ্র মোদী এত দিন গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নিজেই প্রকল্পটির তদারকি করতেন। বর্তমান মুখ্যমন্ত্রী আনন্দবেন পটেলও ৬৫ হাজার কোটি টাকার প্রকল্পটির সঙ্গে জড়িত।
প্রকল্পের লক্ষ্য নামি-দাবি আন্তর্জাতিক আর্থিক পরিসেবা ও তথ্যপ্রযুক্তি সংস্থার লগ্নি টানা। তার জন্য বিশ্বমানের পরিকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধাও দেয়া হচ্ছে গুজরাট নগরোন্নয়ন সংস্থা (জিইউডিসিএল) এবং ইনফ্রাস্ট্রাকচার লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আই এল অ্যান্ড এফ এস)-এর যৌথ উদ্যোগে রূপায়িত এই প্রকল্পে।— আনন্দবাজার পত্রিকা