জঙ্গিদের ওপর সিরিয়ার বিমান হামলায় মালিকির সন্তোষ
আল জাজিরা, বিবিসি ও রয়টার্স
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ২০:২১
ইরাকে জরুরি সরকার গঠনের আহ্বান শিয়া নেতা সদরের
জঙ্গিদের ওপর সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলাকে স্বাগত জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। এরই মধ্যে রাজধানী বাগদাদের খুব কাছে গ্যাসসমৃদ্ধ একটি শহর দখল করে নিয়েছে সুন্নি বিদ্রোহীরা। এদিকে, প্রধানমন্ত্রী মালিকি জাতীয় ঐক্যের সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর শিয়া নেতা মুকতাদা আল-সদর দেশটিতে জরুরি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ।
ইরাক ও সিরিয়ার মধ্যকার সীমান্ত পারাপার এলাকায় জঙ্গিদের ওপর সিরিয়ার বিমান হামলাকে স্বাগত জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি। সিরিয়ার জঙ্গি বিমান গত মঙ্গলবার ইরাকের সীমান্ত শহর আল কাইমের কাছে সিরীয় অংশে জঙ্গি আস্তানাগুলোতে বিমান হামলা চালিয়েছে বলে বিবিসিকে নিশ্চিত করেন মালিকি। তবে ইরাকের সামরিক বাহিনী এবং বিদ্রোহী সূত্রগুলো ইরাকের অংশেই এ বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে। মালিকি বলেন, তিনি এ হামলা চালানোর অনুরোধ জানাননি। সমন্বিতভাবেও কিছু করা হয়নি। তবে ‘দ্য ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল) এর বিরুদ্ধে যেকোনো হামলাকেই তিনি স্বাগত জানাবেন। তিনি বলেন, ‘তারা তাদের মত হামলা চালিয়েছে। আমরা আমাদের মত হামলা চালিয়েছি। আর শেষে আমরা দুই দেশই জিতেছি।’
ইরাক এবং যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা এর আগেও সিরিয়ার যুদ্ধবিমানগুলোকে ইরাকের ভেতরে জঙ্গি অবস্থানগুলোতে মঙ্গলবার বোমা বর্ষণ করেছে বলে জানিয়েছে। বিদ্রোহীদের কয়েকটি সূত্র বলেছে, সিরিয়ার জঙ্গি বিমান ইরাকের কাইম শহর এমনকি রুতবা শহরেও হামলা চালিয়েছে। প্রথম হামলায় ৭০ জন এবং দ্বিতীয় হামলায় ২০ জন নিহত হয়েছে বলে জানায় তারা। আইএসআইএল ও এর সুন্নি সংগঠনগুলো এ মাসে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলসহ ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী বিশাল এলাকা দখল করে নিয়েছে।
এরই মধ্যে ইরাকের সুন্নি বিদ্রোহীরা বাগদাদের খুব কাছাকাছি চারটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র বিশিষ্ট একটি শহর গত বৃহস্পতিবার দখল করে নিয়েছে। দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলজুড়ে বিশাল এলাকা দখল করে নেয়ার পর সুন্নি জঙ্গিদের জন্য এটি আরেকটি বড় সাফল্য। আইএসআইএল-এর সদস্যরা বুধবার রাতভর হামলা চালিয়ে বৃহস্পতিবার মান-সুরিয়াত আল জাবাল শহরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। রাজধানী বাগদাদ থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে এ শহরটিতে রয়েছে চারটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। বেশ কয়েকটি বিদেশি কোম্পানির অফিসও রয়েছে এখানে।
এদিকে, ইরাকি প্রধানমন্ত্রী মালিকি জাতীয় ঐক্যের সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরদিনই দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদর জরুরি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন । সদর বলেন, ‘ইরাকি সরকারকে অবশ্যই মধ্যপন্থী সুন্নিদের যুক্তিসঙ্গত দাবি মেনে নিতে হবে। তাদেরকে সরকারের বাইরে রাখা থেকে বিরত থাকতে হবে। কারণ, তারা প্রতারণার শিকার।’ এ সময় তিনি গত ৩০ এপ্রিলের পর গঠিত সরকারের পরিবর্তে নতুন পদ্ধতির সরকার গঠনের আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘আমি ইরাকিদের বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধ ও সন্ত্রাসবাদ চালান বন্ধের আহ্বান জানাচ্ছি।’ প্রসঙ্গত, সদরের নেতৃত্বাধীন মাহদি আর্মি ইতোমধ্যেই দেশটির উগপন্থী সুন্নিদের জঙ্গি সংগঠণ আইএসআইএল’র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।