ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৯

ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৯ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে সিনহুয়া জানিয়েছে, শিয়া মুসলিম অধ্যুষিত কাদমিয়াহর একটি জনপ্রিয় বাজারে একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এই হামলায় ১৯ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরো ৪১ জন। সামপ্রতিক বছরগুলোতে ইরাকে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটছে। ইরাকে দায়িত্বপালনরত জাতিসংঘের মিশন জানিয়েছে, এসব হামলা সহিংসতার ঘটনায় ২০১৩ সালে মোট ৮ হাজার ৮৬৮ জন ইরাকি নিহত হয়েছে।