সিরিয়ার বিদ্রোহীদের ৫০ কোটি ডলার সাহায্যের প্রস্তাব
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ২০:২৩
মার্কিন কংগ্রেসে ওবামা
সিরিয়ার মধ্যপন্থি বিরোধী বাহিনীর প্রশিক্ষণ ও সজ্জিত করার জন্যে মার্কিন কংগ্রেসে ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস জানায়, এই তহবিল সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল আসাদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত বিরোধী বাহিনীকে আত্মরক্ষার জন্য সাহায্য করবে। এছাড়া এই সাহায্যকৃত অর্থ ইরাকের জঙ্গিদের বিপক্ষেও ব্যবহূত হবে। হোয়াইট হাউসের ভাষ্য: ‘এ অর্থ সিরীয় সরকারবিরোধীদের শক্তিশালী করার পক্ষে মার্কিন প্রশাসনের দীর্ঘমেয়াদী পদক্ষেপ, সশস্ত্রদের পাশাপাশি সাধারণ নাগরিকও এ পরিকল্পনার অন্তর্ভুক্ত। কারণ এই ৫০ কোটি মার্কিন ডলারের এ পরিকল্পনা থেকে বাদ দেয়া হয়নি সিরিয়ার বেসামরিক সাধারণ নাগরিকদেরকেও।
বিগত তিন বছরে সিরিয়ার গৃহযুদ্ধে দেড় লাখেও বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রায় এক কোটি মানুষ গৃহহীন হয়েছে এবং ৩০ লাখ মানুষ হয়েছে শরণার্থী। তবে মার্কিন এ অর্থপ্রস্তাবনা সংঘাতকে আরও উসকে দিয়ে এ সংকটকে আরও ঘনীভূত করতে পারে বলে সংশ্লিষ্টদের অভিমত।
সমপ্রতি নিউইয়র্কে এক বৈঠকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বেসামরিক নাগরিকদের নির্বিচারে মৃত্যুতে ব্যথিত হয়ে অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে সিরিয়ায় অস্ত্র সরবরাহ বন্ধের অনুরোধ করেছেন এবং জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগকে উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।