ফুটপাত থেকে নবজাতক উদ্ধার
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ২২:২১
রাজধানীর হাজারীবাগ এলাকায় এক নবজাতক কন্যাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ২/৩ দিন বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিত্সক ডা. দেবশ্রী। তিনি আরও জানান, শিশুটি সুস্থ আছে।
হাজারীবাগ থানার এসআই এমারত হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাজারীবাগের ৪/এ নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির সামনের রাস্তার ফুটপাতে একটি সাদা তোয়ালে দিয়ে মোড়ানো একটি বস্তু পড়েছিল। ঐ সময় পুলিশের একটি টহল টিমের গাড়ি ঐ রাস্তা দিয়ে যাচ্ছিল। গাড়ির চালক ফুটপাতে ঐ বস্তু পড়ে থাকতে দেখে গাড়িটি পাশে দাঁড় করায়। পুলিশ গিয়ে তোয়ালের মধ্যে জড়ানো একটি ফুটফুটে কন্যা শিশু দেখতে পায়।
ঐ পুলিশ কর্মকর্তা আরো জানান, নবজাতককে প্রথমে ধানমন্ডির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর দায়িত্ব নিয়েছে।
তবে হাসপাতালে রোগী দেখতে আসা এক দম্পতি নবজাতকের সংবাদ পেয়ে দেখতে যান। শিশুটিকে তারা দত্তক নেয়ার ইচ্ছা প্রকাশ করেন।