কুয়েতে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ
প্রকাশ : ০৭ জুলাই ২০১৪, ২০:৫২
কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে পুলিশ টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। বিরোধীদলীয় নেতা মুসাল্লাম আল-বারাকের মুক্তি এবং দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে টানা চারদিন ধরে চলা বিক্ষোভ গত রবিবারও অব্যাহত ছিল। রমজান মাসের বিকালের নামাজের পর কুয়েত সিটির গ্র্যান্ড মসজিদ থেকে দু’হাজারেরও বেশি মানুষ একটি মিছিল বের করে।
মিছিলটি পুরাতন বাজারের কাছে পৌঁছালে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ছবিতে অ্যাম্বুলেন্সের পেছনে আন্দোলনকর্মী আব্দুল্লাহ আল-হাজেরিকে রক্তভেজা পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে। মানবাধিকার কর্মী হাদিল বুগ্রাইস বার্তা সংস্থা এপিকে বলেন, টিয়ার গ্যাসের একটি শেল হাজেরির মাথায় লাগলে তিনি আহত হন। তিনি আরো জানিয়েছেন, কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। হাদিল একটি পুলিশ স্টেশনে বেশ কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে গ্রেপ্তারকৃতদের শনাক্ত করেছেন।
কুয়েত সিটিতে টানা চারদিন ধরে চলা দুর্নীতিবিরোধী এই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে রবিবার পুলিশকে টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়েছে। তবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে পুলিশ কর্তৃক বিক্ষোভ ছত্রভঙ্গ করার কথা স্বীকার করলেও আন্দোলনকারীদের আহত হওয়ার কোনো তথ্য তাত্ক্ষণিকভাবে জানায়নি। বিবৃতিতে গ্রেপ্তারের বিষয়ে কোনো কিছু উল্লেখ না করে শুধু বলা হয়েছে, বিক্ষোভটি ছিল অননুমোদিত।