যৌন হয়রানিকারীদের ছাড় দেয়া হবে না :পোপ

যাজকদের দ্বারা যৌন হয়রানির শিকার ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন পোপ ফ্রান্সিস। পোপ নির্বাচিত হওয়ার পর এটিই তার এ ধরনের প্রথম বৈঠক। বৈঠকের আয়োজকরা জানিয়েছেন, সোমবার সকালে ভ্যাটিক্যানের বাসভবনে পোপের ব্যক্তিগত প্রার্থনায় যোগ দেয়ার পর তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ছয়জন যৌন হয়রানির শিকার ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দু’জন আয়ারল্যান্ড থেকে, দু’জন ব্রিটেন ও দু’জন জার্মানি থেকে এসেছিলেন। এদের কেউ কেউ দীর্ঘ সময় আগে হয়রানির শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন। ক্যাথলিক গির্জায় শিশুদের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণকারী বিশপ থেকে শুরু করে কাউকেই ছাড়া হবে না বলে ঘোষণা দিয়েছেন পোপ ফ্রান্সিস। এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি। যাজকদের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতনকে “শয়তানের প্রার্থনা” বলে অভিহিত করেছেন তিনি। ২০১৩ সালের মার্চে পোপ নির্বাচিত হওয়ার ১৬ মাস পর যৌন হয়রানির শিকার ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত্ করলেন পোপ ফ্রান্সিস। অনেকের মতে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় নিয়েছেন তিনি। কারণ তার পূর্বসুরী পোপ বেনেডিক্ট যৌন হয়রানির শিকার ব্যক্তিদের সঙ্গে ওই একই সময়ে কয়েকবার বৈঠক করেছিলেন।