রুশপন্থিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইউক্রেন

রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার আভাস দিয়েছে ইউক্রেইন সরকার। ওদিকে বিচ্ছিন্নতাবাদীরাও কয়েকটি ঘাঁটি খোয়ানোর পর নতুন করে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। গত সপ্তাহে পূর্ব ইউক্রেইনের স্লোভিয়ানস্কে বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি দখল করে লড়াইয়ে অগ্রগতি অর্জন করেছে প্রেসিডেন্ট পেট্রো পোরোশেস্কোর সরকারি বাহিনী। রুশপন্থিদের বিদ্রোহী তত্পরতা দমন করতে সেনা অভিযান পরিচালনায় নতুন একজন সামরিক প্রধানও নিয়োগ করেছেন পেরোশেঙ্কো। সামরিক বাহিনীতে রদবদলের পাশাপাশি স্লোভিয়ানস্কে বিদ্রোহীদের বিরুদ্ধে জয়লাভের পর এখন সরকার মনোযোগ দিয়েছে দোনেস্ক এবং লুহানস্কের দিকে। বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্রসমর্পণে বাধ্য করতে ওই শহর দুটিকে ঘিরে ফেলার পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনী। এ পরিস্থিতিতে পাল্টা পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বিচ্ছিন্নতাবাদীরাও। রুশপন্থিদের স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেস্ক এর প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার বোরোদাই বলেছেন, আমরা অবরোধ ঠেকানোর প্রস্তুতি নিচ্ছি না। লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।