ইরানে নারী সাংবাদিকের জেল, ৫০ দোররা
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ২০:৪২
ইরানে সরকার বিরোধী প্রচারণা চালানোর অভিযোগে নারী সাংবাদিক ও ব্লগার মারজিয়েহ রাসৌলিকে ২ বছরের কারাদণ্ড এবং ৫০ বার বেত্রাঘাতের সাজা দেয়া হয়েছে। মারজিয়েহ এর ঘনিষ্ঠ কয়েকটি সূত্র মঙ্গলবার একথা জানায়।
এর আগে সোমবার মারজিয়েহ তার টুইটার একাউন্টে লেখেন, সরকারের বিরুদ্ধে প্রচারণা এবং সমাবেশে অংশ নিয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দোষীসাব্যস্ত করেছে আদালত। তার বিরুদ্ধে মামলা হয়েছিল ২০১২ সালের জানুয়ারিতে। ওই বছর মারজিয়েহ গ্রেপ্তার হওয়ার পরপরই ইরানের রাষ্ট্রীয় টিভি তার সঙ্গে বিদেশিদের যোগসাজশ থাকার অভিযোগ করে। সংস্থারবাদী কয়েকটি দৈনিক পত্রিকায় কাজ করেছেন মারজিয়েহ। শিল্প, সঙ্গীত বিষয়ক প্রতিবেদনসহ গ্রন্থ পর্যালোচনা বিষয়ক লেখা লিখতেন তিনি। তার বিরুদ্ধে হওয়া মামলায় ক্ষুব্ধ হন ইরানের বেশ কয়েকজন সাংবাদিক। ইরানে গত বছর মধ্যপন্থি প্রেসিডেন্ট হাসান রুহানি ক্ষমতাসীন হওয়ার পর রাজনৈতিক এবং সংস্কৃতিক অঙ্গনে আরো বেশি স্বাধীনতা আশা করছিলেন তারা।