সিরিয়ার হামায় বিদ্রোহীদের হাতে নিহত ১৪
প্রকাশ : ১০ জুলাই ২০১৪, ২০:৫৪
সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশের খাতাব গ্রামে রাতে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে সাতজন নারী রয়েছে। বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও বেসরকারি সংস্থা একথা জানায়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সিরিয়ার বিদ্রোহীরা খাতাব গ্রামে ‘হত্যাযজ্ঞ’ চালিয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৪ জনের প্রাণহানি ঘটে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এদিকে মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, সেখানে বিদ্রোহী যোদ্ধারা সাতজন পুরুষ ও সাতজন নারীকে হত্যা করেছে।