আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আগাম কোনো সতর্ক বার্তা না দিয়েই নতুন করে উত্তর-পূর্বদিক বরাবর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। বিডিনিউজ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া স্কাড জাতীয় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে ধারণা করা হচ্ছে। হাওয়ানঘায়ে প্রদেশ থেকে উত্তর-পূর্বদিক তাক করে ভোর ৪টা এবং ৪টা ২০ মিনিটে ক্ষেপণাস্ত্র দুটি উেক্ষপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা একথা জানায়। হাওয়ানঘায়ে প্রদেশটি উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলে। ক্ষেপণাস্ত্র দু’টি ৫০০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক পানিসীমায় পড়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে কোনো সতর্ক বার্তা না দেয়ায় ঐ অঞ্চলে চলাচলকারী বেসামরিক জাহাজ এবং বিমানগুলোর জন্য তা ছিল বিপজ্জনক। গত দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে চতুর্থ দফা এবং এর আগে আরো কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।