টেলিফোনে পাঠকের মতামত
সাকিবের গুরুদণ্ড
প্রকাশ : ১০ জুলাই ২০১৪, ২১:০১
বিসিবিকে অবশ্যই সচেতন থাকা উচিত। কোন সন্দেহ নেই যে, সাকিব শাস্তিযোগ্য অপরাধ করেছে। তার জন্য অবশ্যই শাস্তি পাওয়া উচিত। তবে বোর্ডের বিচারে উচিত ছিল ‘সাপও মরবে, লাঠিও ভাঙ্গবে না’এই নীতি অনুসরণ করা। আমাদের টিমের জন্য সাকিব অপরিহার্য। দেশের স্বার্থে, টিমের স্বার্থে তার শাস্তি অন্যভাবেও দেয়া যেতো। যেমন তাকে আর্থিক জরিমানা করে ভবিষ্যতের জন্য এসব ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তাকে কঠোরভাবে সতর্ক করা যেতো। উক্ত বিচারে সাকিবকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। অনাকাঙ্ক্ষিতভাবে বোর্ড একটা শাস্তি ঘোষণা করে তাদের নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে।
অন্যদিকে সাকিবের ক্রিকেট ভবিষ্যেকও অনিশ্চিত করে দিয়েছে। যার জন্য দেশ ও জাতি ভবিষ্যতে মাশুল দিবে।
শাহ আলম খান
বাঁশখালী, চট্টগ্রাম
বর্তমানে বাংলাদেশের ক্রিকেট বিপর্যয়ের মধ্যদিয়ে অতিবাহিত করছে। এই অবস্থায় সাকিব আল হাসানের গুরুদণ্ড দেশের ক্রিকেটকে মারাত্মকভাবে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। সার্বিক বিবেচনায়, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য দাবি রাখছি।
মো. হানিফ মিয়া
ধানমণ্ডি, ঢাকা
দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের শাস্তি লাখো কোটি ভক্ত আজ অনুভব করছেন। সাকিব আল হাসান দেশের অমূল্য সম্পদ। হঠাত্ করে বিসিবি এই গুরুদণ্ড প্রচার করছে। আমরা আশা করবো বিসিবির বিষয়টিকে পূনর্বিবেচনায় নেবে।
আবদুল মালেক মিয়া
মিরপুর, ঢাকা
দেশ সেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে ছয়মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। তবে আমরা আশা করবো উল্লেখিত শাস্তির মধ্যদিয়ে দেশ সেরা এই ক্রীড়াবিদ আত্মোপলব্ধি করবেন।
মাসুদ আলম বিপ্লব
উর্দ্দু রোড, লালবাগ, ঢাকা
সাকিব আল হাসানকে বিসিবি ছয়মাসের জন্য নিষিদ্ধ করেছে। সাকিবের দণ্ড লঘু না গুরু সে বিতর্কে আমরা যেতে চাই না। তবে তিনি চাইলে এ সাজা কমানোর জন্য আপিল করতে পারবেন। হয়তো এর সুরাহাও হয়ে যাবে।
মুন্সী মোহাম্মদ ওয়াহীদউল্লাহ
মিরপুর-১, ঢাকা
বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে দেশ-বিদেশে দীর্ঘদিন যাবত্ ষড়যন্ত্র চলছে। একশ্রেণির কর্মকর্তা ও খেলোয়াড়গণ সব সময় তার আচরণ নিয়ে ব্যস্ত আছেন। মনে রাখা দরকার স্বর্ণের আংটি বাকা হলে ভালো, সাকিব আল হাসানের ৬ নিষিদ্ধ করা হলে তিনি পূর্বাবস্থায় ফিরে নাও আসতে পারেন। তাই তাকে দেওয়া এই শাস্তি প্রত্যাহার করা হোক।
এম এ আক্তার
গ্রাম:আফড়রা, পো:আফড়রা
থানা ও জেলা:রাজবাড়ী সদর
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নানা অভিযোগের প্রেক্ষিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগামী ছয় মাসের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছেন। উপরন্তু ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত আইপিএলের মতো কোন আন্তর্জাতিক আসরেও খেলতে পারবেন না মিশ্র স্বভাবের সাকিব আল হাসান। দোষে-গুণে মানুষ, সাকিবও এর ঊর্ধ্বে নন। ঊর্ধ্বে নন কোনো নিয়ম-নীতি মানার ক্ষেত্রে। উচ্চশিত প্রশংসিত হয়েছে সদ্যসমাপ্ত আইপিএল-এর তার দল কোলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হবার মধ্যদিয়ে। তার অনেক অর্জন প্রশ্নের সম্মুখীন হয়েছে শৃঙ্খলা বহির্ভূত ও রগচটা স্বভাবের কারণে। ইদানিং অধিক আর্থিক প্রাপ্তির মায়ায় তাকে পেয়ে বসেছিল, যার কারণে কিছু নিয়ম-নীতি প্রতিপালনে সাকিব ক্ষেত্র বিশেষ ঔদ্ধত্যের পরিচয় দিয়েছেন, যেমন জাতীয় দলের ক্যাম্পে যোগদান না করে উড়ে গেলেন ক্যারিবিও প্রিমিয়ার লিগ (সিপিএল ) এ খেলতে। এটা নিয়ম-নীতির প্রতি অশ্রদ্ধা প্রদর্শন, তেমনি একনিষ্ঠ খেলোয়াড়ী আদর্শের প্রতি অবজ্ঞারও সামিল। পরিবারে বয়োবৃদ্ধরা যেমন আইন ও নীতির ব্যাপারে শ্রদ্ধাশীল, তেমন দলের অপেক্ষাকৃত ভাল প্লেয়ারের উচিত সকল নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে আন্তরিক থাকা। তাতে করে সতীর্থরাও খেলোয়াড়ী জীবনকে শৃঙ্খলার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে পারে।
মুরাদ হোসেন
ঝিকরগাছা, যশোর
সরকার দেশের দরিদ্র জনগণের হাজার কোটি টাকা খরচ করে সাকিব আল হাসানের মত ক্রীড়াবিদ সৃষ্টি করে দেশের পক্ষে খেলার জন্য, কিন্তু ঐ সকল দরিদ্র ঘরের সন্তান দেশের দরিদ্র জনগণের অর্থে ক্রীড়াবিদ হওয়ার পর তা ভুলে যায়। তাদের স্বপ্ন শুধু টাকা আর টাকা, মাত্র কিছুদিন পূর্বে ভারত প্রিমিয়াম লীগ খেলে কোটি কোটি রুপি আয় করার পর সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি না নিয়ে খেলার জন্য বিদেশে পাড়ি জমান, টাকার নেশায় তিনি বিভোর। এটা যে কত অনৈতিক তা তিনি অনুধাবন করেননি, একজন ভাল ক্রীড়াবিদের কাছে দেশ বহুবিদ আশা রাখে, যেমন তিনি দেশের নেতৃত্ব দিবে ও অন্য সকল খেলোয়াড়দের সহযোগিতামূলক প্রশিক্ষণ তথা অভিভাবক হিসাবে অবদান রাখবে। কিন্তু তা তিনি কখনো করেননি, মৃত মুক্তিযোদ্ধা ব্যতীত আমরা কেহই দেশপ্রেমিক নই। আমাদের ক্রিকেটার আশরাফুল ইসলাম দুর্নীতির কারণে আজ ক্রিকেট খেলা থেকে বহিষ্কৃত, এটা শুধু তার একার নয়, এটা আমাদের জাতির লজ্জা। নিম্নবিত্ত পরিবারের সন্তান দেশের সহযোগিতায় তারকা বনে যায়, অতঃপর তারা দিশা হারায়। তাদের দিশায় ফিরিয়ে আনতে এটা কোনো গুরুদণ্ড না। কারণ দরিদ্র জনগণের টাকায় সৃষ্ট তারকা দেশের কাজে আসবে না, তা জনগণ আশা করে না। দেশ থেকে কিছু পেতে হলে, দেশকে সম্মান করতে হবে, দেশকেও দিতে হবে, হোক সে ক্রীড়াবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, মন্ত্রী বা আমলা।
নজরুল ইসলাম খান,
নতুন জুরাইন, ঢাকা- ১২০৪
দেশের জন্য দলের জন্য সাকিবের প্রয়োজন বা অপরিহার্যতা অনস্বীকার্য। তার ঔদ্ধত্য, অহমিকা, অসদাচরণ গুরুতর, তবু তাকে বাগে রাখাও কর্তৃপক্ষের দায়িত্ব মনে করি। জিজ্ঞাসা হলো, তাকে শাস্তিদানের আগে শোকজ-সতর্ককরণ ইত্যাদি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি? তিনি আত্মপক্ষ সমর্থন বা সংশোধিত হবার যথেষ্ট সুযোগ পেয়েছিলেন কি ? বয়স ও বাস্তবতার বিবেচনায় আশঙ্কা, যদি তিনি অবসরের ঘোষণা দেন ! তবে তা দেশের জন্য দলের জন্য চরম ক্ষতি নয় কি? সাধারণভাবে মনে হয় তার শাস্তি পাওয়াটা তিনিই নিজের জন্য অপরিহার্য করে তুলেছিলেন। কিন্তু এটাও সত্য শাস্তিটা একটু বেশি হয়ে গেছে—যা অন্যদের জন্য দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। অন্যদিকে বিশেষ বিবেচনায় একটি সমঝোতায় আসার জন্য সবপক্ষকে আন্তরিক হতে হবে এবং সাকিবের উচিত এ শাস্তি থেকে শিক্ষা নেয়া, তবেই তিনি আরো বহুদূর এগিয়ে যাবেন।
অধ্যাপক মোঃ আলী এরশাদ হোসেন আজাদ
কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর -১৭৩০
বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতি শৃঙ্খলাভঙ্গের জন্য যে সিদ্ধান্ত বিসিবি নিয়েছে তা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। সকল ধরনের খেলা থেকে ৬ মাস বিরত রাখা এবং বিদেশের ক্লাবভিত্তিক খেলাগুলোর প্রতি এ ধরনের বিচার মেনে নেয়া যায় না। একটা সাকিব গড়ে উঠতে শত শত বছর প্রয়োজন হয়। কিন্তু তার খেলার ক্যারিয়ার ধ্বংস করার জন্য ১ মিনিটের সিদ্ধান্তই যথেষ্ট। আমরা সাধারণ ক্রিকেট প্রেমিরা অনুরোধ জানাবো যেন বিসিবি তার সিদ্ধান্ত পরিবর্তন করে বিষয়টিকে হালকাভাবে নেবে এবং সাকিবের কাছ থেকে একটা লিখিত মুচলেকা নিয়ে আগামীতে এ ধরনের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে নির্দেশনা দেয়া যেতে পারে।
ওয়াহিদ মুরাদ
স্বরূপকাঠি, পিরোজপুর
ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে বিসিবি যে ব্যবস্থা গ্রহণ করেছে আমি তা সমর্থন করি। কারণ বিশ্ব সেরা অলরাউন্ডার হিসেবে খ্যাত সাকিবের আচরণ ও কর্মকাণ্ডে আমরা অনেকেই হতাশ ও ক্ষুব্ধ। তাই তাকে সংশোধনের সুযোগ দিয়ে যে গুরুদণ্ড প্রদান করা হয়েছে তা সঠিক। আশাকরি অন্যরাও এ থেকে শিক্ষা গ্রহণ করবেন।
এ.কে. আজাদ লাভলু
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
সাকিব আল হাসানকে শাস্তির মধ্য দিয়ে দেশ সেরা এই ক্রীড়াবিদ আত্মোপলব্ধি করবেন। সুশৃঙ্খল থাকলে তার খেলার উন্নতি ঘটবে অবনতি ঘটবে না। তিনি যে মাপের খেলোয়াড় গড়ে তুলছেন নিজেকে সেটাকে ধরে রাখাই হবে এখন সাকিবের প্রথম কাজ।
হাসান মোহাম্মদ হোসাইন চৌধুরী
কবিরহাট, নোয়াখালী
সাকিব আল হাসানকে নিয়ে বিসিবি ইতিমধ্যে শাস্তির ঘোষণা দিয়েছেন। আবার অনেকে সাকিবকে আজীবন নিষিদ্ধ করার কথা বলছেন। তবে আমাদের কথা হচ্ছে সাকিবকে যেন আশরাফুলের মতো না হতে হয়। অন্যদিকে সাকিবের প্রতি অনুরোধ আপনার প্রতি ভালোবাসাকে কোনভাবেই অসম্মান করবেন না।
নীলুফা আক্তার
টোলারবাগ, মিরপুর, ঢাকা
বিসিবির যথাযথ অনুমতি ছাড়া সাকিব ওয়েস্ট ইন্ডিজে খেলতে পাড়ি জমিয়েছেন। এতে করেই সাকিবের সমস্যা হয়ে গেল। এটাকে স্বাভাবিকভাবে নেয়া দরকার ছিল বিসিবি’র।
জাহাঙ্গীর হোসাইন
পীরেরবাগ, ঢাকা
সাকিব আল হাসান আইপিএল, সিপিএল ও ইংল্যান্ডের কয়েকটি জনপ্রিয় ক্লাবের সাথে খেলেছেন। কখনো তাকে বাধা দেয়নি বিসিবি।
সম্প্রতি আইপিএল-এ তিনি অকল্পনীয় সাফল্য এনেছেন, কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পিছনে সাকিবের ভূমিকা ছিল অনন্য। অথচ আজ সেই সাকিব নিয়ম-শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তি পাচ্ছেন- এটা মেনে নেয়া যায় না।
নুসরাত ইয়াসমীন টুম্পা
সিটি কলেজ, ঢাকা
সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের একটি উজ্জ্বল নক্ষত্র। ক্রিকেট যতদিন থাকবে সাকিব আল হাসানও থাকবে। সদা-হাস্যোজ্জ্বল একটি মুখ সাকিব সত্যি বাংলাদেশের একজন গর্বের সন্তান। তবে আশ্চর্য লাগলো কেন তিনি হঠাত্ নিজেকে পরিবর্তন আনার চেষ্টা করেন। কেন তিনি হঠাত্ জনপ্রিয়তার অহংকারী হয়ে উঠলেন? এরকম অনেক প্রশ্ন আজ। সাকিবের এমন বদলে যাওয়ায় ভক্ত অনুরাগীরা অনেক কষ্ট পেয়েছে।
নাসরিন সুলতানা শেলী
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সাকিব আল হাসান যে এদেশের একজন ক্রিকেটের উজ্জ্বলতম তারকা বিসিবি সভাপতিও দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করেছেন। সুতরাং আমরা মনে করি সাকিব আল হাসানকে বিসিবি যে শাস্তি প্রদান করেছেন তা ঠিক আছে। অন্যদিকে সাকিবের এখন প্রয়োজন নিজের ভুলের সংশোধন করে নেয়া।
পারভীন আক্তার
হাজারীবাগ, ঢাকা
সাকিব আল হাসান এদেশের আকাশে তারকা। বিদেশে সুনাম অর্জন করেছেন। আমরা চাই বিসিবি তাকে ক্ষমা সুন্দর চোখে দেখে পুনরায় তাকে খেলার সুযোগ করে দেবেন। অন্যদিকে সাকিবকে মনে রাখা দরকার ভবিষ্যতে আর যেন এরকমটি না হয়।
নার্গিস সুলতানা
নতুন পল্টন লাইন, ঢাকা
বাংলাদেশের ক্রিকেটের কিং সাকিব আল হাসানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে গুরুদণ্ড দেয়া কোনক্রমেই ঠিক হয়নি। এটা হঠকারিতার সামিল। অবিলম্বে সাকিব আল হাসানের ওপর আরোপিত সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে হবে।
মোঃ আব্দুল মজিদ সর্দার
শাহজাদপুর, সিরাজগঞ্জ
সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেট থেকে ছয়মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি, আমার মতে ঠিক সিদ্ধান্ত নিয়েছে তারা। যেহেতু এর আগেও সাকিব কয়েকটি ভুল করেছে। আর তাই ভুল সংশোধন না হলে ভবিষ্যতে অন্যরাও এর সুযোগ নিতে পারতো।
লাজুল
মধ্যবাসাবো, ঢাকা
সাকিব আল হাসানকে ৬ মাসের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ক্রিকেট বোর্ড। ধন্যবাদ জানাই এই ক্রিকেট বোর্ডকে। ভুলের মাত্রা দিনে দিনে বাড়ার আগেই বিসিবি এই সিদ্ধান্ত নেয়। এতে করে সাকিবের আত্মসংশোধনের ও নিয়ম-শৃঙ্খলার সুযোগ হয়েছে।
টুম্পা
সিটি কলেজ, ঢাকা
সাকিবের ভুলের জন্য অন্যরা ভুল পথে যাবে তা হতে পারে না। বিসিবি ধন্যবাদ পাবার দাবিদার। তবে বিসিবি এই শাস্তি না দিয়ে অর্থের শাস্তি প্রদান করলে আরো ভালো হতো। তবে এই ভুল সংশোধনের পর সাকিব একজন যোগ্য খেলোয়াড় হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা।
মামুদুর রহমান মাসুদ
লালবাগ, ঢাকা
বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে গুরুদণ্ড দেয়া ঠিক হয়নি। তিনি তো তাদের কথামতো বাংলাদেশে ফিরে এসেছেন। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এতোবড় শাস্তি দেয়া ঠিক হয়নি। তেমনি সাকিব আল হাসানকেও আন্তর্জাতিক মানের ক্রিকেটার হিসেবে চলা উচিত।
মোঃ মোসলেম উদ্দিন
শাহজাদপুর, সিরাজগঞ্জ
সাকিব আল হাসান এদেশের একজন দামি ক্রিকেটার। অবশেষে তাকে নিয়েও আজ ষড়যন্ত্র শুরু হয়েছে। সাকিবকে ছয় মাসের জন্য সকল খেলা থেকে নিষিদ্ধ করেছে বিসিবি। এরকম গুরুদণ্ড না দেয়াই ভালো ছিল। আমরা সাকিব আল হাসান-এর সার্বিক মঙ্গল কামনা করছি।
জান্নাতুল ফেরদৌস
মিরপুর, ঢাকা
সাকিব আল হাসানকে লঘুদণ্ড বা গুরুদণ্ড দেয়া হয়েছে তা ঠিক হয়নি। বরং এটাকে বাদ দিয়ে অন্যভাবে তাকে শাস্তির ব্যবস্থা করা যেতো। আমরা আশা করছি বিসিবি বিষয়টিকে পুন:বিবেচনা করবেন।
বিউটি
ঝিনাইদহ
সাকিব আল হাসান এদেশের একজন খ্যাতিমান ক্রিকেটার। তার ভুলের জন্য অবশ্যই বিসিবি যে শাস্তি প্রদান করেছে তা সঠিক সিদ্ধান্তে করেছে। এরজন্য বিসিবিকে ধন্যবাদ। এতে করে পরবর্তীতে কোন খেলোয়াড় এই ভুল করবে না।
এনায়েত রসুল
হাজারীবাগ, ঢাকা
সাকিব আল হাসান একজন উজ্জ্বল নক্ষত্র। অতি অল্প সময়ের মধ্যেই খ্যাতি অর্জন করেছে। আমরা চাই সাকিব দ্রুত মাঠে ফিরে আসুক।
আলম চৌধুরী
নয়াপল্টন, ঢাকা
সাকিব আল হাসান খ্যাতির শিখরে পৌঁছেছেন। সাকিব অকপটে তার ভুল যদি স্বীকার করে নেন এই নিশ্চয়তা প্রদান করে—আগামীতে আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। বিসিবি তার কঠোর অবস্থান থেকে সরে এসে সম্ভাবনাময় এই ক্রিকেটারকে আত্মশুদ্ধির সুযোগ দেবেন সে রকম প্রত্যাশা।
মো: মেজবাহউদ্দিন সেলিম
নাকার মাথা, ইব্রাহিমপুর
ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট অনেকে সাকিবের শাস্তির ঘোষণাকে লঘু পাপে গুরুদণ্ড বলে অভিহিত করেছেন। সাকিব আল হাসানের আচরণে যদি কোন ঔদ্ধত্যের প্রকাশ পেয়ে থাকে সে জন্য বিসিবি অনেকটাই দায়ী।
মো: মনির হোসেন
মিরপুর, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে ৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেটসহ বহি:বিশ্বে খেলা বন্ধ করেছে। তার একটি কারণ তিনি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছে। অপরাধের শাস্তি সবার জন্য সমান। অপরাধ লঘু বা গুরু অপরাধ অপরাধই। নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ, শিক্ষাঙ্গনে, সামাজিক, রাষ্ট্রীয় সর্বত্রই নিয়ম-শৃঙ্খলা মেনে চলাই উচিত। নিয়ম-শৃঙ্খলা ব্যতীত জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায় না। তাই শিক্ষার প্রথম ধাপ নিয়ম-শৃঙ্খলা মেনে চলে শিক্ষা গ্রহণ করতে হবে। সাকিব হাসান যত বড়, ভালো ক্রিকেটারই হোক তারও নিয়ম-শৃঙ্খলা মেনে চলা উচিত ছিল।
আশা এলিজাবেথ গোমেজ
লক্ষ্মীবাজার, ঢাকা
কিছুদিন আগেই বিশ্বের সর্বাপেক্ষা ব্যয়বহুল ক্রিকেট আইপিএলে কলকাতা নাইট রাইডারের শিরোপা জয়ের অন্যতম নায়ক সাকিব আল হাসান বাংলাদেশের একজন উজ্জ্বল তারকা। আমরা সাকিব আল হাসানের প্রতি ভালো আচরণ প্রত্যাশা করছি।
হোসনে আরা করিম নীলা,
পিলখানা, ঢাকা
ক্রিকেট বোর্ডে স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনায় খেলোয়াড় বাছাইসহ অন্যান্য সুযোগ-সুবিধাই প্রবাহিত হচ্ছে। এ ধরনের প্রশ্ন সচেতন নাগরিকদের মধ্যে দারুণভাবে বিরাজ করছে। তার অবসান জরুরি। অন্তত দেশের মঙ্গলের স্বার্থে। সাবিক আল হাসানের দেশ ও আন্তর্জাতিক বিশ্বে তার অবদানের দিকে দৃষ্টি দিয়ে গুরুদণ্ড প্রদান না করে লঘু দণ্ড দিলে হয়তো ক্ষতি হতো না। সাকিবকে তার আচরণে, কথাবার্তায় আরও সতর্কতা গ্রহণ করা বাঞ্ছনীয়। কারণ সাকিব বর্তমানে বিশ্বে বাংলাদেশের পতাকা, দেশের কথা। তার অবদানের কথা বিবেচনা করে গুরুদণ্ড ক্ষমা করার দিকে বোর্ড নজর দিলে দেশের মানুষ খুশি হতো।
প্রতীক চৌধুরী
গাইবান্ধা
সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একজন খেলোয়াড়ের নিরাপত্তা, গোপনীয়তাসহ সবকিছুর দায়িত্ব বিসিবি’র।
আলমগীর হোসেন
মতিঝিল বা/এ, ঢাকা
সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। সাকিবের এ ধরনের শাস্তি অন্যদেরও টনক নড়ে উঠবে।
শিউলি
সাভার, ঢাকা
মানুষ মাত্রেই ভুল করে। সাকিব একজন খ্যাতিমান ক্রিকেটার। কিন্তু সে অল্প বয়সী মানুষ। ভুল হতেই পারে। আর ভুলের জন্য এতো বড় মাশুল দিতে হবে একজন দেশের স্বনামধন্য ক্রীড়া নায়ককের ক্ষেত্রে এটা মেনে নিতে পারছি না। তাই এখন উচিত বিসিবি’র সিদ্ধান্ত পরিবর্তন করা।
সৌরভ
বনানী, ঢাকা
সাকিব আল হাসান আমাদের দেশের ক্রিকেট অঙ্গনে একটি অপরিহার্য ব্যক্তিত্ব। সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। আমাদের এটা কখনও প্রত্যাশা ছিল না। তবে সাকিবের এখন উচিত হবে তার ভুল সংশোধন করে সামনে চলা।
জুয়েল
বারিধারা, ঢাকা
অপরাধের শাস্তি পাওয়া উচিত। যদি না দেয়া হয় তাহলে বার বার অপরাধ দানা বাঁধবে। সাকিব আল হাসানের তার অতীতের সব বিশৃঙ্খলার সাজা একসাথে দিতে হয়েছে বিসিবিকে। তাই অল্প থাকতেই যে কোন অপরাধের সাজা তাত্ক্ষণিক হওয়া দরকার।
মো: রবিউল হোসেন রবি
সভাপতি
এলিফ্যান্ট রোড, ঢাকা
সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। তবে এ শাস্তিমূলক ব্যবস্থার ফলে জাতীয় দলের অন্যান্য ক্রিকেটারও অসংযত আচরণের বিষয়ে যথেষ্ট সতর্ক হবেন বলে আমাদের বিশ্বাস।
মাসুম আহমেদ
যাত্রাবাড়ী, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। ক্রিকেট জগতে সাকিব হাসানদের মত খেলোয়াড়দের প্রয়োজন রয়েছে। জাতি তাদের কাছে বিশাল কিছু আশা করে। সুতরাং সাকিবের মতো খেলোয়াড়দের জানা উচিত এমন কোন কাজ করা উচিত নয় যাতে এ ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে।
শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন হিরো
কালিহাতি, টাঙ্গাইল
সাকিব আল হাসান দেশ সেরা একজন খেলোয়াড়। তিনি বিশ্বসেরা অল রাউন্ডার ক্রিকেটারও বটে। তাকে ৬ মাস নিষিদ্ধ করার শাস্তি হিসেবে গুরু না লঘু সে বিষয়ে বিতর্ক উঠেছে। শৃঙ্খলা ভঙ্গ করলে সাজা অবশ্যই পেতে হবে। তবে এটাও বলবো সাকিবের বিরুদ্ধে অতীতে ওঠা অভিযোগের ক্ষেত্রে বিসিবি আগে থেকে কেন তাত্ক্ষণিক ব্যবস্থা নিলো না?
এস.কে মোহাম্মদ রমিজউদ্দিন
মিরপুর-২, ঢাকা
বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসানের শাস্তিজনিত আকষ্মিক পতনে বাংলাদেশের ক্রিকেট জগতে যে কালো ছায়া পড়েছে তা অস্বীকার করার জো নেই। অপরদিকে ক্রিকেটবোদ্ধারা তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক সবধরনের ক্রিকেট খেলা থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ ঘোষণাকে লঘু পাপে গুরু দণ্ড বলে মানতে নারাজ। কারণ ক্রিকেট খেলার মতো বিশ্বখ্যাত শৃঙ্খলিত খেলায় কোন খেলোয়াড় বা দলনেতার ঔদ্ধত্য আচরণ কোনকালেই বরদাশত করা হয়নি। এটা স্বীকৃত যে, সাকিব বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে বাংলাদেশসহ বিশ্বের সকলের কাজে পূজনীয়। তার বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিংয়ের তুলনা মেলা ভার। আমাদের দেশে প্রবাদ আছে, “যে গাছ বেশি ফল দেয় সে গাছ নুয়ে থাকে”। কিন্তু সাকিবের ক্ষেত্রে তার ব্যতিক্রম কেউ আশা করেনি বলেই তাকে এই অমোঘ নিয়তি মেনে নিতে হবে। এক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রী এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সভাপতি আ হ ম মুস্তফা কামালের পরামর্শ (এই মুহূর্তে সাকিবের উচিত বিসিবিকে সহযোগিতা করা) সাকিবের জন্য পাথেয় বলে আমরা মনে করি।
ভূঁইয়া কিসলু বেগমগঞ্জী
সাধারণ সম্পাদক, ঢাকাস্থ বেগমগঞ্জ পেশাজীবী সমিতি
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ সম্প্রতি এক টিভি টক শোতে বলেছেন-সাকিব আল হাসানের শাস্তিটা মনে হয় বেশি হয়ে গেছে। তাঁকে এতো বড় শাস্তি না দিয়ে অন্য কোনভাবে শাস্তি দেয়া যেতো। কথাটি তিনি যথার্থই বলেছেন। আমরাও ওনার বক্তব্যের সাথে একমত।
শিশির
পিলখানা, ঢাকা
সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সত্যিকার অর্থে অল্প বয়সে অতি সাফল্য মানুষকে উদ্বুদ্ধ করে তোলে। যারা এটি অতিক্রম করতে সক্ষম হয়, তাদের জীবনে বয়ে নিয়ে আসে চূড়ান্ত সাফল্য। শচীন টেন্ডুলকার এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলের সদস্যদের মধ্যে অর্থের মোহ যদি পেয়ে বসে তাহলে দেশের ক্রিকেটের ধ্বংস ডেকে আনবে বৈকি। কাজেই এ বিষয়ে বিসিবিকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
বজলুল করিম
ধানমন্ডি, ঢাকা
সেরা খেলোয়াড়, সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে হঠাত্ করে ছয় মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে বিসিবি। এতে দ্বিমত পোষণের কোন সুযোগ নেই। এখন পর্যন্ত সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে সফল একজন ক্রিকেটার। একাধারে ব্যাটিং ও বোলিং নৈপুণ্য দিয়ে তিনি বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতা নিয়ে গেছেন। তার বিরুদ্ধে নিয়ম-শৃংখলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগ উঠেছে অনেকবারই। এজন্য তিনি অনেকবার শাস্তির মুখোমুখি হয়েছেন। তারপরেও তিনি নিজেকে সংশোধন করেননি। এটাই দু:খজনক। তাই আমরা এখন তার ভালো কিছু আশা করছি।
লাভ্লা
পিলখানা, ঢাকা
যে কোন ব্যক্তিই ভুল কিংবা অপরাধ করলে অনুশোচনাই প্রত্যাশা। বিসিবি’র সভাপতি বলেছেন, সাকিবের আচরণ এতই খারাপ যে, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এমন দেখা যায়নি। তবে আমরা বিসিবি’র কিছু করণীয় বিষয় বলতে চাই। ক্রিকেটারদের জন্য জরুরি কাউন্সেলিং এর ব্যাপারে অনেক গুরুত্ব দিতে হবে। যেহেতু নিয়মিত কাউন্সেলিং ক্রিকেটারদের শুদ্ধ পথে চলতে সাহায্য করে। এ ব্যাপারে আশা করি বিসিবি মনোযোগী হবে।
আইরিন সুলতানা (সন্জু)
ধুপপুর, চট্টগ্রাম
আগামী ছয়টি মাস সাকিব আল হাসানের জন্য খুবই অর্থযাতনার হবে, এতে কোন সন্দেহ নেই। অন্যদিকে তিনি নিজেকে সংশোধনের সুযোগ পাবেন। তাই আমরা আশা করছি আবার যখন ফিরে আসবেন তখন আমরা পরিশুদ্ধ এবং অন্য রকম এক চমক লাগানো সাকিবকেই দেখতে চাই।
মো. ফারুক হোসেন
বসিলা, ঢাকা।
সাকিব আল হাসান একজন নামি-দামি ক্রিকেট খেলোয়াড় এটি নিঃসন্দেহে বলা যায়। আগামী দেড় বছর তিনি কোথাও খেলতে পারবেন না—এটা বিশ্বাস করা যায় না। অন্যদিকে বিজ্ঞাপনচিত্রে নাকি তিনি কোন কাজ করতে গেলে বিসিবি’র অনুমতি লাগবে। বিসিবি’র এই হঠকারি সিদ্ধান্ত কারোরই প্রত্যাশা ছিল না।
মো. মোজাহারুল ইসলাম
সাভার, ঢাকা
সাকিব আল হাসান আমাদের দেশের ক্রিকেট জগতে এক উজ্জ্বল নক্ষত্র। শুধু তাই নয় আমাদের অহংকারও বটে। তাঁকে শাস্তি দেয়া হয়েছে অতীতের বিভিন্ন ঘটনায় মিশ্রিত ফল হিসেবে। কেবল লিখিত অনুমতি না নিয়ে বিদেশে খেলতে যাওয়ার জন্য। সাকিবের শাস্তি হয়েছে বোর্ডের সাথে খেলোয়াড়দের দায় চুক্তি শর্তে। আচরণবিধি ও শৃঙ্খলা সম্পর্কিত বিধির ক্ষমতায়ই তাঁর বিচার হওয়াটা ছিল সংগত।
মো. খায়রুল ইসলাম (ফুল)
আরাপপুর, ঝিনাইদহ