নির্বাচনী সংকট সমাধানে আফগানিস্তানে কেরি
প্রকাশ : ১১ জুলাই ২০১৪, ২০:৪৯
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটিতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা উত্তরণের চেষ্টা হিসেবে কাবুল সফর করেন। শুক্রবার এক সংক্ষিপ্ত সফরে তিনি আফগানিস্তান পৌঁছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উভয় প্রার্থীর বিজয়ী হওয়ার দাবি নিয়ে দেশটিতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, এ ব্যাপারে দু’প্রার্থীর সঙ্গেই দেখা করতে তিনি কাবুল এসেছেন। তিনি আরো বলেন, এই সংক্ষিপ্ত সফরকালে তিনি আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং আশরাফের সঙ্গে এসব ব্যাপার নিয়ে আলোচনা করবেন। এদিকে আব্দুল্লাহ ও গনির মধ্যে শুরু হওয়া রাজনৈতিক বিরোধ আফগানিস্তানে দীর্ঘস্থায়ী অচলাবস্থার সৃষ্টি করবে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। নির্বাচনের ফল দেশটিতে জাতিগত বিভেদ সৃষ্টি করছে বলে বিভিন্ন মহল থেকে সতর্ক করা হচ্ছে।
এদিকে নির্বাচনের ফলকে জনগণের রায়ের বিরুদ্ধে রাজনৈতিক ‘অভ্যুত্থান’ বলে দাবি করেছেন আব্দু্ল্লাহ। এর জন্য বিগত ১২ বছরের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে দায়ী করেন তিনি। গত সোমবার আফগানিস্তানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হয় যাতে সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনি প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। তবে পরাজিত প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ ও তার সমর্থকরা এ ফল প্রত্যাখ্যান করেছেন। প্রেসিডেন্ট কারজাইয়ের যোগসাজশে কারচুপির অভিযোগ এনে মঙ্গলবার এর বিরুদ্ধে কাবুলের রাজপথে বিক্ষোভ করেছে আব্দুল্লাহর সমর্থকরা।
প্রথম দফার নির্বাচনে অন্য প্রার্থীদের চেয়ে বেশ এগিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দু্ল্লাহ। সোমবার ঘোষিত ফলে তাকে হারিয়ে দেয়া হয়েছে দাবি করে আফগান জনগণের দাবির আলোকে পৃথক মন্ত্রিসভা গঠনের হুমকি দেন তিনি।
তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এ নির্বাচন নিয়ে সহিংসতা কিংবা সংবিধান পরিপন্থি কোন পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না।