ফুকুশিমায় বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের কাছে ফের ভূমিকম্প
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২০:২২
২০১১ সালে শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ সুনামিতে বিধ্বস্ত জাপানের উত্তরাঞ্চলীয় ফুকুশিমার নিউক্লিয়ার বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের কাছে ফের ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার সকালে রাজধানী টোকিওর উত্তর-পূর্বে ফুকুশিমার উপকূলীয় এলাকায় সাগরের ১০ কি.মি. নিচে ভূমিকম্পটির উত্পত্তি হয় বলে জাপানের আবহাওয়ার সংস্থা জানায়। সংস্থাটি জাপানের উত্তরাঞ্চলীয় উপকূল জুড়ে সুনামি সতর্কতা জারি করেছে। জাপানি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পে ফুকুশিমার দাইইচি নিউক্লিয়ার বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের কোনো ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ২০১১ সালের ভূমিকম্প ও সুনামিতে ১৯ হাজার মানুষ নিহত হয়েছিলেন। পর পর দুটি প্রাকৃতিক দুর্যোগের যৌথ আঘাতে নিউক্লিয়ার প্রকল্পের কয়েকটি চুল্লি গলে ব্যাপক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। এতে এক লাখেরও বেশি মানুষ নিজ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন। তেজস্ক্রিয় দূষণের কারণে তারা ঘটনার তিন বছর পরও নিজেদের বাড়িঘরে ফিরে আসতে পারেননি।