সংবাদ কণিকা
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২০:২২
মিয়ানমারে ৫ সাংবাদিকের জেল
মিয়ানমারে পাঁচ সাংবাদিককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দেশটির সেনাবাহিনীর রাসায়নিক অস্ত্র তৈরির সংবাদ প্রকাশ করায় ওই রিপোর্টারদের এই সাজা দেয়া হল। সাংবাদিকদের আইনজীবী ওয়াহ উইন মং জানান, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এদিকে আদালতের এ রায়ের প্রতিবাদস্বরূপ দেশটির বেশিরভাগ পত্রিকাই কালো রঙে তাদের প্রথম পৃষ্ঠা ছেপেছে। —বিবিসি
ভাঙ্গলেন ওবামা!
লাইন ভাঙার কোন নিয়ম নেই। থরে থরে সাজানো লোভনীয় বারবিকিউয়ের আশায় দু’তিন ঘণ্টাও লাইনে দাঁড়িয়ে থাকেন ক্রেতারা। এখন পর্যন্ত কেউ লাইন টপকে সোজা কাউন্টারে পৌঁছেছেন, এমন অভিযোগ কানে আসেনি রেস্তোরাঁ মালিকের। কিন্তু এত দিনের নিয়ম ভেঙে গেল বৃহস্পতিবার। অস্টিনে বিখ্যাত ফ্রাঙ্কলিন বারবিকিউয়ে ঢোকেন প্রেসিডেন্ট বারাক ওমাবা। লাইন টপকে এগিয়ে যান কাউন্টারের দিকে। পরে ওবামা বলেন, “লাইনটা বেশ লম্বা। আমি মাঝখান থেকে লাইন ভেঙে ঢুকে পড়লাম। এভাবে সুবিধে নেয়ায় খারাপই লাগছে।” —আনন্দ বাজার পত্রিকা
দিনে ১৯ বার যৌনচিন্তা
কেউ বলেন প্রতি সাত সেকেন্ডে আবার কেউ বলেন আসলে সবসময়ই মানুষ যৌনচিন্তা করে থাকে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, সাধারণত মানুষ দিনে ১৯ বার যৌনচিন্তা করে থাকে। ‘এক্সপেরিয়েন্স স্যাম্পলিং’ ম্যাথড প্রয়োগ করে ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হন। গবেষকরা তাদের গবেষণার জন্য নির্দিষ্টসংখ্যক মানুষকে একটি ক্লিকার দেন। তাতে ‘সেক্স, ফুড, স্লিপ’ এই তিনটি বিষয় রেখে যেকোনো একটি বাটনে ক্লিক করতে বলেন। প্রতিবারই মনে এই তিনটি বিষয়ের মধ্যে প্রথম যে চিন্তা আসবে তাতেই ক্লিক করতে বলা হয়। —রয়টার্স