নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তুলতে প্রতিবছরের মতো এবারও রাজধানীর নটর ডেম কলেজে আয়োজন করা হয় ‘নটর ডেম বার্ষিক বিজ্ঞান মেলা ২০২১ ও ৩১তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা’। কলেজ প্রাঙ্গনে গত ১০, ১১, ১২ ও ১৩ মার্চ চারদিনব্যাপী এই বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও বাংলাদেশসহ বিশ্বের মোট ১২টি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এতে অংশ নিয়েছিল।
এবারের বিজ্ঞানমেলায় সর্বমোট ১০টি ইভেন্ট এবং একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়। এগুলো হলো— বিজ্ঞানভিত্তিক প্রকল্প, দেয়াল পত্রিকা, রচনা, অলিম্পিয়াড, আইকিউ টেস্ট, ক্রসওয়ার্ড, উপস্থাপনা, উপস্থিত বক্তৃতা, রুবিক্স কিউব সলভিং, রোবট কম্পিটিশন, গাড়ি তৈরির প্রতিযোগিতা এবং ওয়েব পেজ ডিজাইনিং। পাশাপাশি এবার অনুষ্ঠিত হয়েছে ৩১তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।
বিজ্ঞানমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও। নটরডেম বিজ্ঞান ক্লাবের মডারেটর ভিনসেন্ট তিতাস রোজারিও বিজ্ঞানমেলার অনুষ্ঠানমালা সঞ্চালনা করেন। আয়োজনে মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।