দেশে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও একধাপ এগিয়ে নিয়েছে লিও আইসিটি কেবলস পিএলসি। গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় আন্তর্জাতিক মানের উৎপাদন নিশ্চিত করতে অটোমেশনভিত্তিক অত্যাধুনিক প্রযুক্তি ও রোবট উৎপাদন লাইনে সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে এইচকিউ (HQ) ব্র্যান্ডের লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাকের উৎপাদনে গুণগত মান, নির্ভুলতা, নিরাপত্তা এবং উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গত দুই বছর ধরে তারা দেশে এইচকিউ ব্র্যান্ডের লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক উৎপাদন ও বাজারজাত করে আসছে। দেশীয় বাজারে এ ধরনের ব্যাটারির চাহিদা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে উৎপাদন ব্যবস্থায় অটোমেশন, অত্যাধুনিক প্রযুক্তি ও রোবট সংযোজন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির মতে, নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণ, ইলেকট্রিক ভেহিকেল (EV), ইউপিএস, আইপিএস, ডাটা সেন্টার, অটোরিকশা এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের জন্য উচ্চমানের লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক উৎপাদনেই এ প্রযুক্তি ব্যবহার করা হবে। অটোমেশনভিত্তিক এ উৎপাদন লাইনে প্রতিদিন প্রায় ৪০০টি লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক, প্রায় ৪০টি ভিন্ন ক্যাটাগরিতে উৎপাদন করা সম্ভব। সংশ্লিষ্টদের মতে, এ সক্ষমতা বাংলাদেশের লিথিয়াম-আয়ন ব্যাটারি শিল্পে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। অটোমেটেড উৎপাদন ব্যবস্থার ফলে পণ্যের গুণগত মান, উৎপাদনের নির্ভুলতা, নিরাপত্তা এবং উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্টরা জানান, বিশ্বব্যাপী বৈদ্যুতিক যানবাহন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির সঙ্গে লিথিয়াম-আয়ন ব্যাটারির বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশেও এ খাতের চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। ফলে দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি শিল্প খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
খাতসংশ্লিষ্টদের মতে, দেশীয়ভাবে লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন বাড়লে আমদানিনির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, প্রযুক্তিনির্ভর শিল্পে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দক্ষ জনবল তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং সহায়ক শিল্পের বিকাশেও ইতিবাচক প্রভাব পড়বে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের চলমান নীতিগত উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা উৎপাদন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমিয়ে দেশের শিল্পায়নকে আরও গতিশীল করা এবং দেশের জিডিপিতে ইতিবাচক অবদান রাখার লক্ষ্য নিয়ে লিও আইসিটি কেবলস পিএলসি কাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে শুধু উৎপাদন সক্ষমতা বাড়ালেই হবে না; গবেষণা ও উন্নয়ন (R&D), আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপরও সমান গুরুত্ব দিতে হবে।
এদিকে শিল্প উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, সরকারের ধারাবাহিক নীতিগত সহায়তা, বিনিয়োগবান্ধব পরিবেশ, প্রয়োজনীয় কর-সুবিধা এবং কার্যকর বাস্তবায়ন অব্যাহত থাকলে বাংলাদেশ ভবিষ্যতে লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শিল্পকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে।

