টিফিনের টাকায় চলে ঐক্য-বন্ধন

প্রতিদিন টিফিনের টাকার বেঁচে যাওয়া অংশ জমিয়ে রাখতেন একটি মাটির ব্যাংকে। কাছের বন্ধুদেরকেও আহ্বান জানাতেন। প্রথমদিকে তেমন সাড়া না পেলেও কয়েকদিন পরেই যুক্ত হলো বন্ধুরা। তারাও নিজেদের টিফিনের উদ্বৃত অংশ জমা করতে লাগলেন সেই মাটির ব্যাংকে। এভাবে কিছুদিনের মধ্যেই জোগাড় হলো বেশ কিছু অর্থ এবং শুরু হলো সমাজসেবা। পাশাপাশি একটি সামাজিক সংগঠনও তৈরি করলেন পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাহমুদ হাসান সোহাগ। নামকরণ করা হয় ‘ঐক্য-বন্ধন’।

মাদকবিরোধী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় সংগঠনটির। যেখানে অংশ নেয় স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা। স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ তাদের এই উদ্যোগকে স্বাগত জানায় এবং নিবেদন জানায় এমন উদ্যোগকে অব্যাহত রাখার। এতেই অনুপ্রেরণা পেলেন সোহাগ ও তার বন্ধুরা। একসময় নিজ গ্রামের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেল আশেপাশের একাধিক উপজেলায়।

শুরুতে ১০ বন্ধুকে নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে তাদের সদস্য সংখ্যা অর্ধশতাধিক। অধিকাংশই নবম-দশম শ্রেণির শিক্ষার্থী ও সদ্য মাধ্যমিক পার হওয়া তরুণ-তরুণী। তাদের কার্যক্রম চলছে যশোরের ঝিকরগাছা, চৌগাছা, মনিরামপুর ও সদর উপজেলায়। বর্তমানে তারা ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে যাচ্ছেন। এছাড়াও বাল্যবিবাহ, মাদক, সুদ ও দুর্নীতিবিরোধী প্রচারণামূলক কার্যক্রম আয়োজন করছে।

ইত্তেফাককে দেওয়া এক সাক্ষাৎকারে সংগঠনের সভাপতি সোহাগ বলেন, ‘প্রথমে আমাদের লক্ষ্য ছিল দরিদ্র-অসহায়দের সাহাঘ্য করা। আজও সেই লক্ষ্যেই অবিচল আছি। পাশাপাশি মানুষকে নানা বিষয়ে সচেতন করার কাজটিও করে যাচ্ছি।