রাশিকের পরিচয় এখন 'মিস্টার মিক্সার্স'

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মনে হয়েছিল, নিজের নামের থেকে বরং একটা ছদ্মনামেই তাকে ডাকা হোক এবং লোকে চিনুক। আর সেই চিন্তা থেকেই তিনি ‘মি. মিক্সার্স’।

বলছি অনলাইন জগতের পরিচিত মুখ রাশিক হায়দারের কথা। পড়াশোনার কারণে বিদেশে অবস্থানকালে যিনি হয়ে উঠেন চঞ্চল আর বহুজাতিক সংস্কৃতির অধিকারী। একসময় হয়ে উঠলেন সকলের প্রিয় মি. মিক্সার্স।

২০১৮ সালের শেষ দিকে কন্টেন্ট তৈরি নিয়ে কাজ শুরু করেন। ইউটিউবের যাত্রা শুরু হয় ২০১৯ সালের মার্চে। রাজধানীর বিভিন্ন জায়গায় প্রায় ছয় মাস ঘুরে একটি টাইমসল্যাপ ভিডিও তৈরি করে আপলোড করেন নিজের ইউটিউব চ্যানেলে। এরপর নেত্রকোণার বিরিশিরি ঘুরতে গিয়ে নিজের ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করেন। আর এটি সবার কাছে এত ভালো লেগেছিল যে এরপর আর থেমে থাকতে হয়নি তাকে।

ভিডিওতে রাশিকের উপস্থাপনা যে কারোর কাছে ভালো লাগতে বাধ্য। বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ আর ছন্দ-শব্দের দারুণ মিশ্রণে তার ভিডিওগুলো অন্যদের চেয়ে আলাদা। আর তা দিয়েই মানুষের কাছে হয়ে উঠেছেন জনপ্রিয়। ভবিষ্যতে দল গঠন করে নিজের সৃজনশীলতাগুলো প্রকাশ করার ইচ্ছে তার। ইচ্ছা আছে দেশের মানুষ ও বাংলা ভাষা নিয়ে কাজ করার।

ইউনিভার্সিটি অফ মালায়া থেকে হিসাববিজ্ঞানে স্নাতক সম্পন্ন করা রাশিক পেশায় একজন কাপড় ব্যবসায়ী। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা ভিত্তিক আইইএলটিএস কোর্স নিয়ে শিক্ষকতা করেন তিনি।