মাদক নিরাময় কেন্দ্রের কর্মকর্তাকে হত্যার অভিযোগ মাদকসেবীর বিরুদ্ধে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক নিরাময় কেন্দ্রের ভারপ্রাপ্ত সেন্ট্রাল ইনচার্জকে হত্যার অভিযোগ পাওয়া গেছে চিকিৎসাধীন এক মাদকসেবীর বিরুদ্ধে। শুক্রবার (২৫ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ দেবগ্রামে অবস্থিত ‘বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন’ মাদক নিরাময় কেন্দ্রের আঞ্চলিক অফিসে এ ঘটনা ঘটে। 

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম পোল গোমেজ (৪২)। তিনি ঢাকার সাভারের আনন্দপুর এলাকার রাসেল গোমেজের ছেলে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত কিংকর বাড়ৈকে আটক করেছে। 

নিরাময় কেন্দ্রের সহকারী ইনচার্জ বাবলু বল্লভ ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে নাস্তার জন্য সবাই যখন প্রস্তুতি নিচ্ছিল, তখন রান্না ঘরে থাকা তরকারি কাটা ছুরি দিয়ে পোল গোমেজকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও নিরাময় কেন্দ্রের কর্মকর্তারা আরও জানান, গত ৪-৫ দিন আগে কিংকরকে সিগারেট খেতে দেখে পোল গোমেজ। পরে সিগারেট খেতে নিষেধ করলে এ নিয়ে গোমেজে সঙ্গে তার কথা কাটাকাটি হয়। সেই রাগ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, অভিযুক্ত কিংকরকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।