নারায়ণগঞ্জে অ্যালুমিনিয়াম কারখানায় বিস্ফোরণ, নিহত ১

নারায়ণগঞ্জ ফতুল্লায় হাঁড়ি পাতিল উৎপাদনকারী একটি অ্যালুমিনিয়াম কারখানায় ভাট্টি বিস্ফোরণে মোখলেস (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় দগ্ধ হয়েছেন রিপন ফকির (২৫) নামে আরও একজন শ্রমিক।

সোমবার (২৮ মার্চ) সকাল ৭টায় সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা নন্দলালপুর এলাকায় আরাফাত মেটাল নামে অ্যালুমিনিয়াম কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

কারখানার ম্যানেজার জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কারখানায় দিনে ও রাতে গ্যাস ছিলো না। সোমবার সকালে হঠাৎ গ্যাস আসার পর অ্যালুমিনিয়াম গলানোর ভাট্টিতে গ্যাস জমাট বেঁধে থাকে। সকালে শ্রমিকরা কাজে এসে বিষয়টি বুঝতে না পেরে ভাট্টিতে আগুন দেয়। এ সময় বিকট শব্দে ভাট্টি বিস্ফোরণ ঘটে। তখন কাছে থাকা দুই শ্রমিক মোখলেস ও রিপন ফকির দগ্ধ হলে তাদের রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোখলেসকে মৃত ঘোষণা করেন এবং রিপন ফকিরকে চিকিৎসা দেন। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ভাট্টি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও একজন দগ্ধ হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।