মূল্য সমন্বয়ের দাবিতে ১৬ জেলার ঠিকাদারদের মহাসমাবেশ

নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৬ জেলার ঠিকাদারদের নিয়ে মহাসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ ঠিকাদার ঐক্য পরিষদ।

আগামীকাল মঙ্গলবার (২৯ মার্চ) সকালে বগুড়ার মাটিডালী মোড়ে ক্যাফে সোয়াদ এ উত্তরবঙ্গের ১৬ জেলার ঠিকাদারদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। 

দেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা এবং নির্মাণ প্রতিষ্ঠান সমূহকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য মূল্য সমন্বয়ের দাবিতেই মূলত এই সমাবেশের ডাক দিয়েছেন আয়জকেরা। মহাসমাবেশে অংশগ্রহণ করবে রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার ঠিকাদাররা।

এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি ও বাংলাদেশ ঠিকাদার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ম. আব্দুর রাজ্জাক বলেন, উন্নয়ন বান্ধব বর্তমান সরকারের দূরদর্শিতা এবং কার্যকরী পদক্ষেপ সমূহের কারণে বিশ্ব দরবারে আমরা উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে আসীন। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঠিক ও সফল বাস্তবায়নের মাধ্যমে পৃথিবীর বুকে আমাদের প্রাণপ্রিয় জন্মভূমিকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য সরকার বদ্ধপরিকর। সরকারের গৃহীত বিভিন্ন ভৌত অবকাঠামোসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়ক হিসাবে ঠিকাদাররা সাফল্যের সাথে বাস্তবায়ন করে আসছেন। অবকাঠামোগত উন্নয়ন সময়মত বাস্তবায়ন না হলে দেশের উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রন্থ হবে। চলমান ভয়ানক সংক্রামক কোভিড-১৯ এর কারণে আমরা ভয়াবহ ক্ষতির সম্মুখীন। এর মধ্যে অত্যন্ত পরিতাপ ও দুঃখের বিষয় এই যে, বিগত ১ বছরের অধিক সময় ধরে নির্মাণ প্রকল্পের মূল উপকরণ সমূহ যেমন- লৌহ এবং লৌহ জাতীয় দ্রব্য, সিমেন্ট, পাথর, ইট, বিটুমিন, ডিজেল, এ্যালুমিনিয়াম, বিল্ডিং ফিনিশিং আইটেম ইত্যাদি দ্রব্যাদি সহ এ খাতের প্রায় সকল প্রকার নির্মাণ সামগ্রীর মূল্য অস্বাভাবিক ও লাগামহীনভাবে বৃদ্ধি পেয়ে অসহনীয় পর্যায়ে উন্নীত হয়েছে। প্রতি টন রডের বর্তমান মূল্য অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মূল্য বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলেরও ফলে নির্মাণ সামগ্রী পরিবহন ও যন্ত্রপাতি চালনা ব্যয় বৃদ্ধি পেয়েছে। চলমান রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে আমদানিকৃত সকল নির্মাণ মালামালের ও যন্ত্রপাতির মূল্যও ক্রমান্বয়ে আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।