নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবাধে কাটা হচ্ছে ফসলি জমির মাটি। ইউনিয়নের অধিকাংশ ফসলি জমিতে ভেকুমেশিন বসিয়ে ২৫-৩০ ফুট গর্ত করে মাটি কেটে নিচ্ছে একটি প্রভাবশালী মহল।
আর এসব মাটি বিক্রি হচ্ছে ঐ ইউনিয়নের বিভিন্ন ইটভাটাগুলোতে। এতে করে একদিকে হুমকির মুখে পড়েছে ফসলি জমি। অন্যদিকে অব্যাহত মাটি কাটা ও মাটি বহনে ব্যবহৃত ট্রলির বেপরোয়া চলাচলে গ্রামীণ সড়কগুলো ধুলাবালি ও কাদামাটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার মানুষ। দূষিত হচ্ছে পরিবেশ।
কাজৈর গ্রামের মনির ইসলাম বলেন, ইউনিয়ন জুড়ে ১৮টি অবৈধ ইটভাটা থাকলেও প্রশাসন দৃশ্যমান কোন পদক্ষেপ নিচ্ছে না।
ডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই বলেন, ডাঙ্গায় অধিক হারে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। এতে জমির পাশাপাশি রাস্তাঘাটগুলোও ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। আমি চেষ্টা করে যাচ্ছি এগুলো বন্ধ করার জন্য। এ ব্যাপারে ব্যবস্হা নেওয়ার জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুফল পাওয়া যায়নি।
পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা জানান, মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।