খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলিফ হোসেন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলতলা উপজেলা সদরের ফুলতলা এমএম কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
নিহত আলিফ হোসেন ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের আবু তাহের টুটুলের ছেলে। সে ফুলতলার মোজাম মহলদার (এমএম) কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, ‘অজ্ঞাতপরিচয় ৫-৬ জন সন্ত্রাসী ধারালো চাকু দিয়ে আলিফের বুকে ২-৩টি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
তিনি বলেন, নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় এখনও কোনো আসামি শনাক্ত করা যায়নি। পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের শনাক্তসহ গ্রেফতারে মাঠে কাজ করছে।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, হত্যাকারীদের শনাক্তসহ গ্রেফতারে কাজ করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবো।