মিঠাপুকুরে ট্রাকচাপায় আনসার সদস্যের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১এপ্রিল) বিকাল ৪টার দিকে রংপুর-ভেন্ডাবাড়ী সড়কের উপজেলার রাণীপুকুর এরশাদমোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

ওই আনসার সদস্যের নাম মনোয়ার হোসেন (৩৮)। সে রাণীপুকুর ইউনিয়নের মাদারপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। ঢাকার আগারগাঁও পার্সপোর্ট অফিসে আনসার বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে এরশাদমোড় থেকে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় মনোয়ার। পথিমধ্যে নূরানী ট্রেডার্সের সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মনোয়ার। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করে স্থানীয়রা।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।