নরসিংদীতে ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার ৪

ডাকাতির প্রস্তুতিকালে নরসিংদী শহরের আরশিনগর এলাকা থেকে সোমবার ভোরে ৪ জনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদীর পলাশ উপজেলার মোতালিব মিয়ার ছেলে ইয়াকুব (৩৫), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার উত্তর হাসা এলাকার হেদু মিয়ার ছেলে শাহজাহান (৩২), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার রুহিপাগারিয়া এলাকার শাহিন মিয়ার ছেলে সোহাগ (২৫) ও ভোলা জেলার লালমোহন থানার দক্ষিন আড়ালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে আরিফ (২২)।  

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, রাতে টহল ডিউটির সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান আটক করা হয়। এসময় পিকআপ ভ্যানটি তল্লাশী করে ডাকাতির সরঞ্জাম তালা কাটার মেশিন, চাপাতি ও লোহার রডসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ইয়াকুব নামে একজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যাসহ ৯টি মামলা রয়েছে।