সিরাজগঞ্জের কামারখন্দে মালবাহী ট্রেনের বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে মেইন লাইনে আটকে পড়ায় উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটে ঈশ্বরদী-ঢাকা রেল সড়কের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার প্রভাত কুমার দাস। তিনি জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন দুপুর ১টা ৪০ মিনিটে জামতৈল রেলওয়ে স্টেশনের প্রায় ৫০০ মিটার অতিক্রম করার পর এর একটি বগির হুক ভেঙ্গে মাঝখান থেকে আলাদা হয়ে যায়। এতে ট্রেনটির দুটি অংশ মেইন লাইনের ওপর থেমে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ বঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, ট্রেনটির দুটি অংশ অন্য লাইনে আনার চেষ্টা করা হচ্ছে। মেইন লাইন থেকে মালবাহী ট্রেনের অংশ দুটি সরানো হলে মেইন লাইন সচল হবে। তখন ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ বঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।