বান্দরবানের রুমা উপজেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ এপ্রিল) রুমা সেনাজোনের উদ্যোগে রুমা উপজেলা কমপ্লেক্স মাঠে ১০০ অসহায় ও ছিন্নমূল পরিবারের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য ও ইফতার সামগ্রী সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ২ কেজি খেজুর, ১ কেজি ৫০০ গ্রাম ছোলা, ১ কেজি ৫০০ গ্রাম ডাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তৈল, ২ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম মুড়ি ও ৫০০ গ্রাম সেমাই প্রদান করা হয়।
রুমা উপজেলার অসহায় মুসলিম পরিবারের মুখে হাসি ফোটানোর পাশাপাশি অন্যান্য সাধারণ জনগণের জন্যে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম সেনাজোন প্রতিনিয়ত পরিচালনা করে আসছে।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাছান শাহরিয়ার ইকবাল, জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ হুমায়ূন রশীদ, ক্যাপ্টেন অনিন্দ্য ইমতিয়াজ, ক্যাপ্টেন মো. শাহরিয়ার হোসেন সজীবসহ রুমা জোনের অন্যান্য সদস্যবৃন্দ, রুমা উপজেলা চেয়ারম্যান উদ্ভ্রাচিং মার্মা, ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান কম, মহিলা ভাইস চেয়ারম্যান নুমাউ মার্মা, রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, ২ নম্বর সদর ইউনিয়ন চেয়ারম্যান, রুমা শৈমং মার্মা, মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুল জলিল এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রুমা সেনাজোন-এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাছান শাহরিয়ার ইকবাল বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের রুমা উপজেলায় বসবাসকারী সবার মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখার পাশাপাশি এই এলাকায় বসবাসকারী সবার আর্থ-সামাজিক উন্নয়নসহ সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রুমা জোনের সেনাবাহিনী বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেইসেঙ্গে এলাকায় শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।