খুলনার দাকোপে চালনা পৌর ভবনের উত্তর পাশের সড়কটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় মরণ ফাঁদে পরিণত হলেও যেন দেখার কেউ নেই। ছোট বড় খানা-খন্দকে ভরা সড়কটি বর্তমানে যানবাহন ও জন-চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়লেও সংস্কারের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
সরেজমিনে এলাকাবাসী সূত্রে জানা গেছে, চালনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পৌর ভবনের পাশে পুকুর পাড়ে সড়কটির অবস্থান। সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না করারয় জনসাধারণ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইতি মধ্যে সড়কটির কিছু অংশ ভেঙে পুকুরের গর্ভে চলে গেছে। বাকি অংশ দিয়ে জনসাধারণ, ভ্যান মটর সাইকেল, বাই সাইকেল, ইজি বাইক ঝুঁকি নিয়ে চলাচল করছে। তাছাড়া এই সড়কটি দিয়ে চালনা বাজারে যাওয়ার একটি সহজ পথ হওয়ায় এখানে তুলনামূলক ভাবে জনসাধারণ একটু বেশি চলাচল করে থাকেন। সড়কটির উত্তর পাশে রয়েছে চালনা বাজার সরকারী বালিকা বিদ্যালয়। দক্ষিণ পাশে পুকুর ও চালনা পৌর ভবন। পূর্ব পাশে চালনার প্রধান বাজার ও পশ্চিমে রয়েছে চালনা সরকানি বালিকা উচ্চ বিদ্যালয় এবং উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন এলাকার হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছেন। দ্রুত সড়কটি সংস্কারের দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।
স্থানীয় বাসিন্দা শংকর সাহা বলেন, এই সড়কটি দিয়ে চালনা বাজারে যাওয়ার একটি সহজ পথ হওয়ায় তুলনামূলক ভাবে জনসাধারণ একটু বেশি চলাচল করে। কিন্তু সড়কটি বর্তমানে ভেঙে যাওয়ায় জনসাধারণের চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। তিনি দ্রুত রাস্তাটি সংস্কারের দাবী জানান।
চালনা পৌর এলাকার ভ্যান চালক লিটন জানান, বাজারে যাতায়াতের জন্য রাস্তাটি অতি সহজ পথ হওয়ায় সব সময়ে লোকজনের ভিড় লেগে থাকে। কিন্তু রাস্তাটির কিছু অংশ ভেঙে পুকুরে চলে গেছে। ফলে দুই দিক থেকে দুইটি ভ্যান আসলে অনেক অসুবিধায় পড়তে হয়। রাস্তাটি সংস্কারের জন্য তিনি পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেন।
স্থানীয় পৌর কাউন্সিলর সুধীন্দ্রনাথ বিশ্বাস মাখন জানান, সড়কটি দিয়ে মানুষ ও যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এটি সংস্কার করা একান্ত প্রয়োজন। বিষয়টি মেয়রকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস জানান, আসলে সড়কটির অবস্থা খুবই খারাপ। সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মান কাজ চলছে। ড্রেন নির্মান কাজ শেষ হলেই সড়কটি সংস্কার কাজ শুরু করা হবে।