বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক 

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের যানজট স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরের পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমের সয়দাবাদ থেকে হাটিকুমরুল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার রাতে নলকা সেতু এলাকায় সৃষ্ট খানাখন্দের কারণে পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল বিঘ্নিত হওয়ার ফলে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান জানান, ছোটখাটো সড়ক দুর্ঘটনা ও মহাসড়কের চারলেনের কাজ চলমান থাকায় যানজট ও ধীরগতির সৃষ্টি হয়। পরে শুক্রবার দুপুরের পর থেকে যানবাহনের চাপ কমে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।