বাগমারা উপজেলার বিভিন্ন হাটবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন ভাবে বেড়েই চলেছে। এছাড়া রমজান মাসে বেড়েছে কাঁচাবাজারের দামও। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। অনেকেই চাহিদামতো পণ্য কিনতে না পেরে বাজার থেকে ফিরে যাচ্ছেন।
তারা অভিযোগ করেন, প্রশাসনিক পর্যায়ে বাজার মনিটরিং ও ভেজাল প্রতিরোধে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় হয়রানির শিকার হচ্ছেন ক্রেতারা।
সরজমিনে উপজেলার বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে, ভোজ্য তেল, চিনি, আটা, ময়দাসহ বিভিন্ন নিত্য পণ্যের দাম অসহনীয় মাত্রায় বেড়েছে। চালের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও বেড়েছে কাঁচা মরিচসহ শাকসবজি ও অন্যান্য সবজির দাম। স্থানীয় বাজারে বেড়েছে মুরগি ও মুরগির ডিমের দাম।
ভবানীগঞ্জে আসা ক্রেতা ভ্যানচালক রহিদুল, আজাহার ও দিনমজুর আতাহারসহ ১০/১২ জন জানান, বাজারে এখন সব জিনিসের দাম বাড়তি। দু-একটি পণ্য কিনতেই টাকা শেষ হয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে স্ত্রী সন্তানদের সামনে আর মুখ দেখাতে পারছি না।
বিক্রেতা সাইদুর রহমান, সাইফুল ও মুকুল হোসেন জানান, সব পণ্যের দামই আগের চেয়ে কিছুটা বেড়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান জানান, কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।